# ভোজ্যতেলের বাজারে কাউকে নৈরাজ্য করার সুযোগ দেবো না: বাণিজ্য উপদেষ্টা |   dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-11-12
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/vojzteler-bajare-kauke-noirajz-krar-suzog-debo-na-banijz-updeshta-dailyfulki](https://dailyfulki.com/article/vojzteler-bajare-kauke-noirajz-krar-suzog-debo-na-banijz-updeshta-dailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4064.md](https://dailyfulki.com/news/4064.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ভোজ্যতেলের বাজারে কাউকে নৈরাজ্য করার সুযোগ দেবো না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, বাজারে ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠায় সব পদক্ষেপ নেওয়া হবে। সে পদক্ষেপ কার পক্ষে আর কার বিপক্ষে যাবে সেটা দেখবো না। ব্যবসা বাণিজ্য সংকীর্ণ করা আমাদের উদ্দেশ্য নয়, ভোক্তার স্বার্থে কাজ করা আমাদের মূল উদ্দেশ্য বলে জানান তিনি।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের ডিও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আমরা প্রকৃত দোষীকে শনাক্ত করতে চাই- ভোজ্যতেলের বাজারে কাউকে নৈরাজ্য করার সুযোগ দেবো না। ভোজ্যতেলের ডিও ব্যবসায়ীরা মিল মালিকদের কাছ থেকে সময়মতো পণ্য না পাওয়ার অভিযোগ করেন এবং এ সমস্যা সমাধানের দাবি জানান।

তিনি বলেন, স্থানীয় ও আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণ করা এ মন্ত্রণালয়ের মূল কাজ। সেটা বাস্তবায়নে আমাদের প্রচেষ্টার ঘাটতি নেই। ভোজ্যতেল সরবরাহের ক্ষেত্রে আপনাদের (ডিও ব্যবসায়ী) অবদান গুরুত্বপূর্ণ। বাজার স্থিতিশীল রাখতে আপনাদের পরামর্শ ও সহযোগিতা চাই।

আপনি ও আমি দিন শেষে ভোক্তা উল্লেখ করে উপদেষ্টা বলেন, খুব স্বাভাবিকভাবেই আমি এবং আমার মন্ত্রণালয় ভোক্তাদের স্বার্থে কাজ করবো। দেশের মানুষের যেটা প্রয়োজন আমি সেটা করবো। সে কাজে আপনারা (ডিও ব্যবসায়ীরা) সহযোগিতা ও পরামর্শ দিয়ে দেশের মানুষ আমাদের পাশে থাকবে সে প্রত্যাশা করি।

তিনি বলেন, প্রচলিত রীতিতে পণ্যের তেলের বাজার নিয়ন্ত্রণ করতে গিয়ে খুচরা বা মাঝারি বিক্রয় কেন্দ্রে অভিযান পরিচালনা করা হয়। এ কারণে এসব অভিযান খুব সফল হয় না। যে কোনো পণ্যের সরবরাহ শৃঙ্খলে উৎপাদন বা আমদানি স্তর থেকে শুরু করে ডিও ব্যবসায়ী, পাইকারি ও খুচরা বিক্রেতা সবাইকে আমাদের কার্যক্রমের আওতায় আনতে হবে। তেলের বাজার অস্থির করার পেছনে মিল মালিকেরা অথবা আপনারা (ডিও ব্যবসায়ীরা) অথবা উভয়ই জড়িত থাকতে পারেন।

ছোট্ট একটি দোকানদার ৫০০ বোতল তেল খাটের নিচে লুকিয়ে রেখে বাজার অস্থির করবে এটা আমার মনে হয় সঠিক না। টেলিভিশনে তেল উদ্ধারের নাটক প্রচার করা হয়। সারাদেশে মানুষ বাহবা দেয় কিন্তু কাজের কাজ কিছুই হয় না। দেখানো হলো মুদি দোকানদারই সব কারসাজি করেছে আর কারো দায় নেই।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদ ,ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়শল আজাদ এবং ভোজ্যতেল ডিও ব্যবসায়ী নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
