# বাংলাদেশ টিম আমার বাপ দাদার সম্পত্তি না: সালাউদ্দিন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-15
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/banglades-tim-amar-bap-dadar-smptti-na-salauddin](https://dailyfulki.com/article/banglades-tim-amar-bap-dadar-smptti-na-salauddin)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/403.md](https://dailyfulki.com/news/403.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : গত নভেম্বরে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যুক্ত হন দেশের ক্রিকেটের পরিচিত মুখ মোহাম্মদ সালাউদ্দিন। সিনিয়র সহকারী কোচ পদবী নিয়ে দলের সঙ্গে যোগ দিলেও মূলত দলের ব্যাটারদের দেখভালের কাজটি করছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফর এবং পরবর্তীতে চলমান শ্রীলঙ্কা সিরিজেও একই দায়িত্ব পালন করছেন তিনি।

 

সাম্প্রতিক সময়ে জাতীয় দলের ব্যাটারদের ব্যর্থতার কারণে এখন স্বাভাবিকভাবেই তার দিকে আঙুল উঠছে। শ্রীলংকার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় তাকে।

সালাউদ্দিন তখন বলেন, ‘দেখুন আমি কোচ আমাকে যদি কালকে আপনি বলেন যে সালাউদ্দিন যাও থার্টিনে কোচিং করাতে। আমি রাগ করবো না আমার এখানে ট্যাগ লেখা নেই যে আমি শুধু কোচ জাতীয় দলের। তো এটা নিয়ে আমার কখনো ইগো সমস্যাও নেই, এটা নিয়ে আমি চিন্তিত না।’

তিনি যোগ করেন, ‘দেখুন বাংলাদেশ টিম আমার বাপ দাদার সম্পত্তি না। আমি যদি ভালো না করি এখানে আমার সমালোচনা হবে। এটা আমাকে স্বাভাবিকভাবে মেনে নিতেই হবে। ভালো করলে সবাই বাহবা দেবে। আমি আমার দলের জন্য শতভাগ দিচ্ছি কি না, আমি কি আমার জায়গায় সৎ কি না। সেটা আমার কাছে মূল বিষয়, আমি যদি ভালো না হয় তাহলে বোর্ড আমাকে সরিয়ে দেবে।’

সালাউদ্দিন বলেন, ‘হয়তো আমি মানসিকভাবে অনেক শক্ত। অনেক দুর্বল মানুষ হয়তো পড়ে যেতে পারে। আর এমন না যে আমার এখানে চাকরি করতে হবে। আমার অনেক কিছু করার আছে। আর আমি এখানে নিজের ইচ্ছায়ও আসি নাই যে আমি চাইছি, আমাকে চাকরি দেন।’

উল্লেখ্য, আগামীকাল বুধবার (১৬ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে লংকানদের মুখোমুখি হবে লিটন দাসের দল।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
