# সিংগাইরে বিএনপি’র ঐক্য রক্ষায় নেতাকর্মীদের কঠোর অবস্থান | dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-11-10
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/singgaire-bienpir-oikz-rkshay-netakrmeeder-kthor-obsthan-dailyfulki](https://dailyfulki.com/article/singgaire-bienpir-oikz-rkshay-netakrmeeder-kthor-obsthan-dailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4023.md](https://dailyfulki.com/news/4023.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

মাসুম বাদশাহ, মানিকগঞ্জ : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিংগাইর বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে বিএনপি’র দলীয় মনোনয়নপ্রাপ্ত মঈনুল ইসলাম খান খান শান্তকে অবশ্যই সাংগঠনিক নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। দায়িত্বশীল নেতৃবৃন্দকে অবজ্ঞা করলে তা কঠোরভাবে প্রতিহত করাসহ ৭ দিনের আলটিমেটাম দেন বক্তারা।

উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু ও পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম ভূঁইয়া জয়। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোহসীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজেদুল আলম তালুকদার স্বাধীন, প্রচার সম্পাদক আউয়াল শরীফ খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাগর, উপজেলা কৃষকদলের যুগ্ম সম্পাদক রাসেল শাহ, পৌর বিএনপি যুগ্ম সম্পাদক আশরাফুল আলম খান শ্যামল, বিপ্লব হোসেন দেওয়ান ও পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাবুল ইসলাম প্রমুখ। 

বক্তারা বলেন, “দলীয় প্রার্থী যেই হোন না কেনো, তাঁকে তৃণমূলের মতামতকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ আন্দোলনই হবে আমাদের মূল লক্ষ্য।

র‌্যালী ও সমাবেশে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন। সকালে বাদ্যযন্ত্র, ব্যানার ও ফেস্টুন নিয়ে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে র‌্যালীতে যোগ দেন।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
