# নরসিংদীতে মাইকে ঘোষণা দিয়ে ফের ‘টেঁটাযুদ্ধ’, আহত ১৫ | dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-11-08
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/nrsingdeete-maike-ghoshna-diye-fer-tenntazuddh-aht-15-dailyfulki](https://dailyfulki.com/article/nrsingdeete-maike-ghoshna-diye-fer-tenntazuddh-aht-15-dailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3972.md](https://dailyfulki.com/news/3972.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

নরসিংদী সংবাদদাতা : নরসিংদীতে খেয়াঘাটে অতিরিক্ত ভাড়ার টাকা আদায়ের জেরে বিবাদমান দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন।

শনিবার সকালে সদর উপজেলার মাধবদী থানার চরাঞ্চল চরদীঘলদী ইউনিয়নের জিতরামপুরে মাইকে ঘোষণার পর দুই দফায় এ সংঘর্ষ হয় বলে জানিয়েছেন মাধবদী থানার ওসি মো. নজরুল ইসলাম।
ওসি নজরুল বলেন, জিরতরামপুরে খেয়াঘাটে ভাড়ার অতিরিক্ত টাকা আদায় ও আধিপত্য বিস্তার করা নিয়ে স্থানীয় শহিদ মেম্বার ও চাঁন মিয়া গ্রুপের মধ্যে বিরোধ চলছিল।

এ নিয়ে গত সোম ও মঙ্গলবার সকালে দুইপক্ষের ২ দফা সংঘর্ষে ১০ জন আহত হবার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

এর মধ্যেই শনিবার সকালে পুলিশ না থাকার সুযোগে মাইকে ঘোষণা দিয়ে ফের টেঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষের লোকজন। এতে টেঁটাবিদ্ধসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়।
আহতদের মধ্যে বেশ কয়েকজন নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিলেও পুলিশী গ্রেপ্তারের ভয়ে অনেকে বিভিন্ন স্থানে গোপনে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ফের ঘটনাস্থলে অবস্থানের পর থেকে পরিস্থিতি শান্ত রয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
