# ৫ নভেম্বরের মধ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশনের নির্দেশ| dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-28
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/5-nvembrer-mdhze-besrkari-sikshaprtishthaner-i-rejistresner-nirdes-dailyfulki](https://dailyfulki.com/article/5-nvembrer-mdhze-besrkari-sikshaprtishthaner-i-rejistresner-nirdes-dailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3857.md](https://dailyfulki.com/news/3857.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর (স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি) ই-রেজিস্ট্রেশন সম্পন্ন ও প্রোফাইল হালনাগাদের নির্দেশ দিয়েছে। প্রতিষ্ঠানগুলোকে আগামী ৫ নভেম্বরের মধ্যে এ কাজ শেষ করতে হবে।

সোমবার (২৭ অক্টোবর) এনটিআরসিএর পরিচালক তাসনিম জেবিনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এখনো ই-রেজিস্ট্রেশন করেনি, তাদের নতুনভাবে নিবন্ধন করতে হবে এবং যেসব প্রতিষ্ঠান আগে থেকেই নিবন্ধিত, তাদের প্রোফাইল হালনাগাদ করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে ই-রেজিস্ট্রেশন ও প্রোফাইল হালনাগাদ না করলে পরবর্তীতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অনলাইনে এনটিআরসিএর কাছে নিয়োগযোগ্য শিক্ষক চাহিদা (ই-রিকুইজিশন) দিতে পারবে না।

এতে আরো বলা হয়, জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের নিজেদের প্রোফাইলও হালনাগাদ করতে হবে। এ ছাড়া প্রতিটি জেলা শিক্ষা অফিসারকে তাদের জেলার আওতাধীন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের ই-রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা দিতে বলা হয়েছে।

এনটিআরসিএ জানিয়েছে, ই-রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্নের জন্য এনটিআরসিএর ওয়েবসাইটে ‘ই-রেজিস্ট্রেশন সেবা’ বক্সে দেওয়া নির্দেশিকা অনুসরণ করতে হবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
