# ফাজিল পরীক্ষা শুরু আজ, নকল-অনিয়মে জড়ালে কঠোর শাস্তি | dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-25
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/fajil-preeksha-suru-aj-nkl-oniyme-jrale-kthor-sasti-dailyfulki](https://dailyfulki.com/article/fajil-preeksha-suru-aj-nkl-oniyme-jrale-kthor-sasti-dailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3791.md](https://dailyfulki.com/news/3791.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধীনে সারাদেশে ফাজিল (পাস) পরীক্ষা শুরু হচ্ছে আজ। শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে পরীক্ষা শুরু হয়ে চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত সময়সূচি অনুযায়ী এ পরীক্ষা নেওয়া হবে।

এবার দেশের ৩৩০টি কেন্দ্রে এক লাখ ১৭ হাজার ৬২৮ জন শিক্ষার্থী ফাজিল পরীক্ষায় অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী।

তিনি জানান, পরীক্ষার সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে সারাদেশের সব পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্রের নিরাপত্তা, তদারকি টিম ও মনিটরিং ব্যবস্থাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারপরও কেউ নকল ও অনিয়মের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, পরীক্ষার প্রথম দিন রাজধানীর বকশিবাজারে অবস্থিত সরকারি মাদরাসা-ই-আলিয়া ও আশপাশের কয়েকটি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম।

পরীক্ষায় কোনো অনিয়ম, গাফিলতি বা শিথিলতার সুযোগ নেই উল্লেখ করে উপাচার্য অধ্যাপক শামছুল আলম বলেন, পরীক্ষা কার্যক্রম পরিচালনায় প্রযুক্তিনির্ভর মনিটরিং, কেন্দ্র ব্যবস্থাপনা ও তদারকিতে আধুনিক পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে। এর মাধ্যমে প্রশ্নপত্র নিরাপত্তা, সময়নিষ্ঠতা ও পরীক্ষার সার্বিক শৃঙ্খলা আরও জোরদার হবে বলে আশা করছি।

তিনি আরও বলেন, পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রত্যেকে যদি নিজের দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেন, তাহলে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
