# পাচারের উদ্দেশ্যে বন্দি ৪৪ জনকে টেকনাফের পাহাড় থেকে উদ্ধার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-24
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/pacarer-uddesze-bndi-44-jnke-teknafer-pahar-theke-uddhar](https://dailyfulki.com/article/pacarer-uddesze-bndi-44-jnke-teknafer-pahar-theke-uddhar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3772.md](https://dailyfulki.com/news/3772.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহিন পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি নারী ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম জানান, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ অনেক মানুষকে বাহারছড়ার পিনিস ভাঙ্গা পাহাড়ি এলাকায় আটকে রাখা হয়েছে– এ তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত কোস্ট গার্ডের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে পাহাড়ের চূড়ায় পাচারকারীদের গোপন আস্তানা থেকে বন্দি অবস্থায় ৪৪ জনকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতদের বরাত দিয়ে তিনি জানান, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি, উন্নত জীবনযাপনের স্বপ্ন, অল্প খরচে বিদেশ যাত্রা এবং পরবর্তীতে কাজের মাধ্যমে খরচ পরিশোধের সুযোগের প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছিল। পরে তাদের পাহাড়ের গোপন আস্তানায় জিম্মি করে রাখা হয়। এ সময় পাচারকারীরা বন্দিদের নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়েরও চেষ্টা করছিল বলে জানান উদ্ধার হওয়া ব্যক্তিরা।

সিয়াম-উল-হক বলেন, ‘অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পাচারকারীদের শনাক্ত ও আটক করতে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। মানব পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
