# শনিবার বিভাগীয় শহরে জামায়াতসহ ৮ রাজনৈতিক দলের বিক্ষোভ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-24
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/snibar-bivageey-shre-jamayatsh-8-rajnoitik-dler-bikshov](https://dailyfulki.com/article/snibar-bivageey-shre-jamayatsh-8-rajnoitik-dler-bikshov)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3768.md](https://dailyfulki.com/news/3768.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং নভেম্বর মাসের মধ্যে গণভোটসহ পাঁচ দফা দাবিতে শনিবার সব বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জামায়াতে ইসলামীসহ ৮ রাজনৈতিক দল। তিন দিনের যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে এ দিন বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ করবে তারা।

গত রবিবার (১৯ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। দাবি আদায় না হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে তারা।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ২০ অক্টোবর রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে দলগুলো। আগামীকাল শনিবার সব বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে। পরে ২৭ অক্টোবর (সোমবার) সব জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জামায়াত সমমনা আট রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

দলগুলোর পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও এই আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে/উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা ও স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

**আটটি দল হলো—**

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
