# ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রণয়ন নিয়ে নানা প্রশ্ন সংসদ নির্বাচন কীভাবে হবে

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-23
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/oikmtz-kmisn-julai-snd-bastbayn-ades-prnyn-niye-nana-prsn-sngsd-nirwacn-keevabe-hbe](https://dailyfulki.com/article/oikmtz-kmisn-julai-snd-bastbayn-ades-prnyn-niye-nana-prsn-sngsd-nirwacn-keevabe-hbe)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3752.md](https://dailyfulki.com/news/3752.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : বিএনপির আপত্তি থাকলেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশই জারি হবে। আদেশের খসড়া প্রণয়নে নানা প্রশ্নের উত্তর খুঁজছে জাতীয় ঐকমত্য কমিশন। এগুলো হলো– আগামী সংসদ নির্বাচন কীভাবে হবে? আগামী সংসদকে সংবিধান সংস্কার পরিষদের ক্ষমতা দেওয়া হলে তা কীভাবে কাজ করবে? আদেশে কী কী থাকবে? আদেশ কে জারি করবে?

গতকাল বুধবার জাতীয় সংসদে কমিশন এবং বিশেষজ্ঞ প্যানেলের তিন ঘণ্টার বৈঠকে এসব প্রশ্নের সুরাহা হয়নি। তাই আদেশের খসড়া চূড়ান্ত করা যায়নি। আজ বৃহস্পতিবার আবার বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবে কমিশন। তারা আশা করছে, খসড়া চূড়ান্ত করে আগামী শুক্রবারের মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি কী হবে, তা সরকারকে সুপারিশ করতে পারবে।

বৈঠক সূত্র এসব তথ্য জানিয়ে বলেছে, গণভোট আয়োজনে অধ্যাদেশ জারির প্রয়োজনীয়তা সম্পর্কে একমত হয়েছে কমিশন এবং বিশেষজ্ঞ প্যানেল। জুলাই সনদে থাকা বিভিন্ন দলের নোট অব ডিসেন্টের (ভিন্নমত) বিষয়ে আদেশে কী কী বলা হবে, এ বিষয়ে আলোচনা ছাড়াই গতকালের বৈঠকের ইতি টানা হয়। গত সোমবার বিশেষজ্ঞ প্যানেলকে আদেশের প্রাক-খসড়া দিয়েছিল কমিশন। বলা হয়েছিল, বিশেষজ্ঞরা খসড়া চূড়ান্ত করবেন। তবে গতকালের বৈঠকের নানা প্রশ্নে সিদ্ধান্ত হয়, কমিশন এবং বিশেষজ্ঞ মিলে খসড়া প্রণয়ন করবেন।  

কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, সব বিষয়েই আলোচনা চলছে। আদেশ প্রণয়নে যেসব প্রশ্ন রয়েছে, সেগুলোর বিষয়ে বিশেষজ্ঞদের মত নেওয়া হচ্ছে। বৃহস্পতিবারের মধ্যে আদেশের খসড়া চূড়ান্ত করতে চায় কমিশন।

আট মাস সংলাপের পর গত ১৭ অক্টোবর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জুলাই সনদে সই করে রাজনৈতিক দলগুলো। বাস্তবায়ন পদ্ধতি ঠিক না করায় এনসিপি সনদে সই করেনি। সনদ বাস্তবায়নে প্রায় সব দল গণভোটে একমত হলেও বড় ধরনের ভিন্নমত রয়েছে।

বিএনপি এবং সমমনা দলগুলো বলছে, বিদ্যমান আইনের অধীনে প্রজ্ঞাপন জারি করে গণভোট করা যাবে। গণভোট এবং সংসদ নির্বাচন একই দিনেই হবে। জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলনের দাবি, সংবিধানের সমতুল্য আদেশ জারির মাধ্যমে নির্বাচনের আগে অর্থাৎ নভেম্বরে মধ্যে গণভোট করতে হবে। 
**লাগবে অধ্যাদেশ, আদেশ জারি করবে কে?**

জামায়াত এবং এনসিপির দাবি, আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন নয়, আদেশ জারি করবে গণঅভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তী 
সরকার। গতকাল যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে একই দাবি তোলে জামায়াত। কমিশন এখন পর্যন্ত ঠিক করতে পারেনি, কে আদেশ জারি করবে।

কমিশন সূত্র জানিয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন (সংবিধান) আদেশ-২০২৫ অনুযায়ী গণভোট হবে। আদেশ জারির আইনি ভিত্তি হবে জুলাই গণঅভ্যুত্থান। গতকালের বৈঠকে আলোচনা হয়েছে,  একটি অধ্যাদেশও জারি করতে হবে। যেমন, দ্বাদশ সংশোধনীতে রাষ্ট্রপতি অনুমোদন দেবেন কিনা– তা জানতে ১৯৯১ সালে গণভোট আইন হয়েছিল। এরই আদলে একটি অধ্যাদেশ জারি হবে। অধ্যাদেশটি আদেশে সংযুক্ত থাকবে। পঞ্চদশ সংশোধনীর বৈধতা মামলায় হাইকোর্ট গণভোট-সংক্রান্ত সংবিধানের ১৪২ অনুচ্ছেদ পুনর্বহালের আদেশ দিলেও তা কার্যকর হয়নি সংসদ না থাকায়। তাই আদেশ জারি করতে হবে গণভোট আয়োজনে। 
অধ্যাদেশে বলা থাকবে, কীভাবে গণভোট।

**কীভাবে হবে সংসদ নির্বাচন**
সংবিধানের ১২৩(৩খ) অনুচ্ছেদ অনুযায়ী, মেয়াদ অবসান ছাড়া অন্য কোনো কারণে সংসদ ভেঙে গেলে, পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার এক দিন পর গত বছরের ৬ আগস্ট সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এ হিসাবে ২০২৪ সালের ৫ নভেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা ছিল।

কমিশন সূত্র জানিয়েছে, গতকালের বৈঠকে প্রশ্ন ওঠে, নির্ধারিত সময়ের প্রায় দেড় বছর পর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের বৈধতা কী হবে? ২০০৮ সালের ডিসেম্বরে নির্বাচন হয়েছিল নির্ধারিত সময়ের দুই বছর পর। সেবার আদালতের কাছ থেকে অনুমোদন নিয়েছিল নির্বাচন কমিশন। এবার অনুরূপ আইনি সুরক্ষা নেই।

বৈঠকে আলোচনা হয়, এই সুরক্ষা জুলাই সনদ বাস্তবায়ন (সংবিধান) আদেশ-২০২৫ থাকতে হবে, যাতে নির্বাচন আয়োজন এবং বৈধতা নিয়ে পরবর্তী আইনি প্রশ্ন না ওঠে। বৈঠকে উপস্থিত একজন বলেছেন, আদেশের আইনি ভিত্তি হবে জুলাই গণঅভ্যুত্থান। এ আদেশে বলা থাকবে, কেন নির্ধারিত সময়ে নির্বাচন করা যায়নি। কেন বিলম্বে নির্বাচন করতে হয়েছে। এই আদেশের অধীনে গণভোট হবে। গণভোটে আদেশ জনগণের অনুমোদন পেলে সনদ, নির্বাচন, পরবর্তী সংসদ সবই বৈধতা পাবে। গণভোটের মাধ্যমে আগামী সংসদকে নির্দিষ্ট সময়ের মধ্যে সংবিধানের মৌলিক পরিবর্তনে কন্সটিটুয়েন্ট (গাঠনিক) ক্ষমতা দেওয়া হবে।

**সংবিধান সংস্কার পরিষদের কাজ কীভাবে**
কমিশন সিদ্ধান্ত আগেই জানিয়েছিল, আগামী সংসদের যতদিন কন্সটিটুয়েন্ট ক্ষমতা থাকবে, ততদিন তা একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও কাজ করবে। সংবিধান সংস্কারের পর দ্বৈত ভূমিকা থাকবে না, স্বাভাবিক সংসদে রূপান্তর হবে।

গতকালের বৈঠকে প্রশ্ন ওঠে, সংবিধান সংস্কার পরিষদ কীভাবে কাজ করবে? কারণ, সংসদে কার্যপ্রণালি বিধি রয়েছে। সংবিধান সংস্কার পরিষদের জন্য তা প্রযোজ্য হবে কিনা। আগামী নির্বাচনে জয়ী এমপিরা একই সঙ্গে কীভাবে সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন? তাদের আলাদা শপথ নিতে হবে কিনা? 
কমিশন সূত্র জানিয়েছে, এই আলোচনা শেষ করা যায়নি। গণভোটে আদেশ অনুমোদিত হলে, জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ কীভাবে এবং কতদিনের মধ্যে সংবিধান সংশোধন করবে, এ-সংক্রান্ত বিধান আদেশে থাকবে।

**নোট অব ডিসেন্ট ঝুলে রয়েছে**
জুলাই সনদের ৮৪ সংস্কারের মধ্যে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন, দুদক ও সাংবিধানিক প্রতিষ্ঠানে কমিটির মাধ্যমে নিয়োগসহ ৯টি মৌলিক সংস্কারের সিদ্ধান্তে বিএনপির নোট অব ডিসেন্ট রয়েছে। দলটি বলছে, ক্ষমতায় গেলে তারা এসব সংস্কার করবে না। বিএনপির দাবিতে কমিশন সনদে ভিন্নমত অন্তর্ভুক্ত করেছে। এতে বলা হয়েছে, কোনো রাজনৈতিক নির্বাচনী ইশতেহারে উল্লেখ করার মাধ্যমে আগামী সংসদ নোট অব ডিসেন্ট অনুযায়ী সংস্কার করতে পারবে।

জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন– এর ঘোর বিরোধী। তাদের দাবি, পুরো সনদ নিয়ে গণভোট হতে হবে। তা অনুমোদিত হলে, সব সংস্কারই কার্যকর করতে হবে। বিশেষজ্ঞ প্যানেল আগেই জানিয়েছিল, নোট অব ডিসেন্টসহ গণভোট আয়োজন অসম্ভব। ব্যালটে একটি প্রশ্ন রেখে, আদেশের ওপর গণভোট হতে পারে। 
গতকালের বৈঠকে অংশ নেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন, অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. শরিফ ভূঁইয়া ও ব্যারিস্টার ইমরান সিদ্দিক।

কমিশনের পক্ষে ছিলেন আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
