# ইসি কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না : সিইসি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-22
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/isi-kono-caper-kache-nti-sweekar-krbe-na-siisi](https://dailyfulki.com/article/isi-kono-caper-kache-nti-sweekar-krbe-na-siisi)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3735.md](https://dailyfulki.com/news/3735.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : কারো অন্যায় চাপের কাছে নির্বাচন কমিশন (ইসি) নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, আমাদের একটাই মেসেজ আপনাদের কাছে ডিসিমিনেট করতে চাই। কোনো প্রেসারের কাছে নতি স্বীকার করবেন না। কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে আইন অনুযায়ী অটল থাকবেন।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিউটে (ইটিআিই) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, 'আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। আমরা আপনাদেরকে অন্যায় কোনো আদেশ দিব না। অন্যায় কোনো হুকুম দিব না।

আইন অনুযায়ী আমাদের নির্দেশনা যাবে বা আপনারা সেটা পালন করবেন।'
তিনি আরো বলেন, 'যে ধরনের কাজের দায়িত্ব পড়ুক না কেন সেটা আপনারা আইনসম্মতভাবে, নিউট্রালি, প্রফেশনালি কাজ করবেন। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমাদের দেশের এই দুরবস্থার একটা মূল কারণ হলো- আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নই।

যে জাতি আইনের প্রতি যত বেশি শ্রদ্ধাশীল সেই জাতি তত সভ্য বলে আমরা মনে করি।'
নির্বাচন সমন্বয়ের দায়িত্বটা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জানিয়ে সিইসি বলেন, 'আমরা চাই সর্বস্তরের আইন মেনে চলব, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকব। আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আপনাদের দায়িত্ব পালন করবেন। নির্বাচনের মধ্যে সমন্বয়টা একটা বড় জিনিস। এ সমন্বয়ের দায়িত্বটা মূলত আপনাদের উপরে নির্ভর করে।

তিনি বলেন, 'উপজেলা পর্যায়ে সমন্বয়টা আপনারাই করে থাকেন। সুতরাং নির্বাচনের সময়ও এ সমন্বয়টা খুবই জরুরি। কোনো ক্রাইসিস হলে শুরুতেই যেন ট্যাকেল করা যায় সে চেষ্টা আপনারা নিবেন। সবকিছু শেষ হওয়ার পরে তখন দেখবেন যে আর কেউ নাই, সবাই মারামারি করে ভোটের কেন্দ্র দখল করে, বাক্স দখল করে বাড়ি চলে গেছে। আর আপনি গিয়ে হাজির হলেন সেটা যাতে না হয়। এটা আপনাদেরকে এনসিওর করতে হবে।'

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, 'নির্বাচনের ব্যাপারে দেশের মানুষের মধ্যে একটা কিন্তু হয়ে গেছে। অভিযোগ আছে ভোটটা রাতেই হয়ে গেছে। এই নির্বাচন যদি আমরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য এবং ভাল করতে না পারি তাহলে বিশ্বের কাছে আমরা জাতি হিসেবে লজ্জিত হব। আমরা নিন্দনীয় অবস্থায় চলে যাব। দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদের ভালো নির্বাচন করা ছাড়া অন্য কোনো উপায় নেই।'

মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, 'রাজনৈতিক দলগুলোকে মোটিভেট করতে হবে, ভোটারদের কাছে যেতে হবে। সুশৃঙ্খল পরিবেশ ভালো নির্বাচনের জন্য অপরিহার্য। মোবাইল কোর্ট আয়নার মতো স্বচ্ছ হতে হবে। পক্ষপাতিত্ব করা যাবে না। এখন থেকে মোবাইল কোর্ট রেগুলার করতে হবে। এই নির্বাচনে যারা ভালো দায়িত্ব পালন করবে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হবে।'

উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অতি সাহসী না হওয়ার আহ্বান জানিয়ে ইসি তাহমিদা আহমদ বলেন, 'আমরা সাহসী হবো, তবে অতি সাহসী না। অতীতে অতি উৎসাহী হয়ে অনেকে অনৈক কিছু করেছেন। এবার এসব করা যাবে না। আগের প্রশিক্ষণ ভুলে যেতে হবে। এখন যেই প্রশিক্ষণ দেওয়া হবে সেটি নিতে হলে। আগের নির্বাচন আমরা সবাই মিলে নষ্ট করেছি।'

নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, 'আমাদের প্যারালাল কিছু কাজ করছে ঐক্যমত কমিশন। আরপিও সংশোধনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো আছে। সেটা দ্রুত অনুমোদন হয়ে ফিরে আসবে।'

তিনি আরো বলেন, 'প্রবাসীদের জন্য ভোটিং অ্যাপস আগামী ১৬ নভেম্বর উদ্বোধন করা হবে। তাদের ব্যালেট ভিন্ন হবে। সেখানে ১১৫টি প্রতীক ও হা-না ভোটের অপশন থাকবে। তারা তার সংসদীয় আসনে চূড়ান্ত প্রাথী তালিকা ওই অ্যাপসের মাধ্যমে দেখতে পাবেন। যারা নির্বাচনী কাজে নিয়োজিত থাকবেন এবং যারা আসামিসহ কারাগারে আছেন তাদের জন্য আইসিপিভি নামে একটি অ্যাপস করা হবে। ওটার মাধ্যমে রেজিস্ট্রেশন করে তারাও ভোট দিতে পারবেন।'

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
