# সাভার পৌর নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে নারী সহকর্মীদের অভিযোগের খেসারত ১ দিনের বেতন কর্তন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-21
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savar-pour-nirwahee-krmkrtar-biruddhe-naree-shkrmeeder-ovizoger-khesart-1-diner-betn-krtn](https://dailyfulki.com/article/savar-pour-nirwahee-krmkrtar-biruddhe-naree-shkrmeeder-ovizoger-khesart-1-diner-betn-krtn)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3716.md](https://dailyfulki.com/news/3716.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভার পৌরসভার নারী টিকাদান কর্মীরা পৌর নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলামের বিরুদ্ধে অশ্লীল কথাবার্তা ও অশ্লীল ইঙ্গিত করার লিখিত অভিযোগ করেছিলেন পৌর প্রশাসকের কাছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে নারী টিকাদান কর্মীদের ১ দিনের বেতন কর্তন করেছেন পৌর নির্বাহী কর্মকর্তা। নারী টিকাদান কর্মীরা তাদের ১ দিনের বেতন দাবি করে গত ৮ অক্টোবর সাভার পৌর প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন।  

জানা গেছে, সাভার পৌরসভায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় ১৫ জন নারী টিকাদান কর্মী রয়েছে। তারা টিকাদানের পাশাপাশি জন্ম নিবন্ধন ও পৌরসভার বিভিন্ন দফতরে পিয়নের কাজ করেন। তারা হাজিরা ভিত্তিতে কাজ করে মাসে ২৪ দিনের বেতন পান। কিন্তু বিভিন্ন সময়ে নারী টিকাদান কর্মীদের সাথে অশ্লীল কথাবার্তা ও অশ্লীল ইঙ্গিত করার অভিযোগ উঠেছে পৌর নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলামের বিরুদ্ধে। এ নিয়ে একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে সেপ্টেম্বর মাসের ১ দিনের বেতন কর্তন করে ২৩ দিনের বেতন দিয়েছেন সাভার পৌর প্রশাসক।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক নারী টিকাদান কর্মী বলেন, আমরা দৈনিক হাজিরা (অস্থায়ী) ভিত্তিক টিকাদান কর্মী। টিকাদান ছাড়াও পিয়নের সমস্ত কাজ আমাদের দিয়ে করানো হয়। অথচ আমরা মাসে বেতন পাই ২৪ দিনের। 

তারা আরও বলেন, আমরা পৌরসভার অন্যান্য কর্মচারীদের মতো ২৪ দিন (অফিস ডে) কাজ করে এক মাসের বেতন দাবি করায় পৌর নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম আমাদের সাথে অশ্লীল কথাবার্তা বলে। এছাড়াও রাত এগারোটা বারোটা যখন দরকার ডাকলেই তার কাছে আসতে হবে, নইলে চাকরি ছেড়ে দিতে বলে। এসব ঘটনার প্রেক্ষিতে টিকাদান কর্মীরা প্রতিবাদ জানিয়ে একত্রিত হয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাক্ষাৎ করে সুষ্ঠু বিচার চেয়ে লিখিত অভিযোগ দিয়েছে।

সাভার পৌরসভার ১৩ জন নারী টিকাদান কর্মী ১ দিনের বেতন দাবি করে গত ৮ অক্টোবর সাভার পৌর প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন। আবেদনকারী টিকাদান কর্মীদের মধ্যে রয়েছেন হাজেরা আক্তার, ইলোরা আক্তার, মবিনুর আলম, রিনা আক্তার, ফাতেমা খাতুন, হাসিনা আক্তার, লিটন মিয়া, আশরাফুল হক, শিরিন আক্তার, নাছিমা আক্তার, নাজমুল হক, সুফিয়া আক্তার ও ফাতেমা আক্তার।

 

 

 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
