# ভুল স্বীকার করলেন জুলাই যোদ্ধারা, মামলা প্রত্যাহারের দাবি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-20
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/vul-sweekar-krlen-julai-zoddhara-mamla-prtzaharer-dabi](https://dailyfulki.com/article/vul-sweekar-krlen-julai-zoddhara-mamla-prtzaharer-dabi)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3684.md](https://dailyfulki.com/news/3684.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : জুলাই যোদ্ধা’দের সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সোমবার জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গত শুক্রবার জুলাই জাতীয় সনদ সইয়ের দিনে সংগঠিত সংঘর্ষের ঘটনা নিয়ে আলোচনা হয়। জুলাইযোদ্ধারা জানিয়েছেন, ওই দিন তারা সংঘর্ষের জন্য সেখানে যাননি। তারা দাবি জানানে গিয়েছিলেন। এর মধ্যে কিছু বহিরাগত লোক সংঘষে জড়ায়। জুলাই যোদ্ধারা ভুল স্বীকার করে ওই ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহারে ঐকমত্য কমিশনের সহযোগিতা চান। 

ওদিকে ঐকমত্য কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এবং জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

জুলাইযোদ্ধারা কমিশনকে অবহিত করেন, তাদের অনেকেই স্বাস্থ্য কার্ড থাকা সত্ত্বেও গত কোরবানি ঈদের পর থেকে বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা আহত জুলাইযোদ্ধাদের সর্বাবস্থায় চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে একটি লিখিত নির্দেশনা দেশের সব হাসপাতালে পাঠানোর দাবি জানান।

এছাড়া জুলাই পরিবারের সদস্যদের আইনি সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতি জোর দেন।
প্রত্যেক জুলাইযোদ্ধাকে একটি নির্দিষ্ট পরিচয়পত্র (আইডি কার্ড) দেয়ার বিষয়েও তারা গুরুত্বারোপ করেন।

সভায় জুলাইযোদ্ধারা ১৭ই অক্টোবরের ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন এবং জানান, ঘটনাটি তাদের জন্য সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ছিল। তারা বলেন, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তারা কোনো প্রকার বিশৃঙ্খলা বা সহিংসতা ঘটাতে যাননি; বরং তাদের ন্যায্য দাবিগুলো তুলে ধরার জন্যই সেখানে উপস্থিত হয়েছিলেন।

তবে সেই সময় কিছু বহিরাগত ব্যক্তি সেখানে অনুপ্রবেশ করে মারামারি ও ভাঙচুরে জড়িত হন, যাদের মধ্যে ২০ থেকে ২৫ জনের পরিচয় তারা চিহ্নিত করেছেন।
জুলাইযোদ্ধারা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা প্রার্থনার পাশাপাশি সেদিন দায়েরকৃত চারটি মামলা প্রত্যাহারে কমিশনের সহায়তা কামনা করেন।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, জুলাইযোদ্ধাদের কমিশনের কাছে দৃষ্টি আকর্ষণকৃত সব দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং তাদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সহায়তা করবে।

বৈঠকে জুলাইযোদ্ধাদের ১৩ সদস্যের প্রতিনিধিদলের হয়ে উপস্থিত ছিলেন মো. সোহাগ মাহমুদ, কামরুল হাসান, মো. আল-আমিন, মুস্তাঈন বিল্লাহ হাবিবী, হাসিবুল হাসান জিসান, মারুফা মায়া, আহাদুল ইসলাম, মাজেদুল হক শান্ত, মো. সাগর উদ্দিন, মো. দুলাল খান, মো. নাহিদুজ্জামান, ইমরান খান, নুসরাত জাহান।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
