# ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে টাকা পাচার-লুটপাট হবে না: ফয়জুল করীম

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-19
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/islamee-andoln-kshmtay-gele-taka-pacar-lutpat-hbe-na-fyjul-kreem](https://dailyfulki.com/article/islamee-andoln-kshmtay-gele-taka-pacar-lutpat-hbe-na-fyjul-kreem)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3649.md](https://dailyfulki.com/news/3649.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

লক্ষ্মীপুর সংবাদদাতা : ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে বিদেশে টাকা পাচার ও সরকারি টাকা লুটপাট হবে না বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।

তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে মারামারি হানাহানি কাটাকাটি জুলুম অত্যাচার অবিচার কিছু থাকবে না। ৫৪ বছরে যে উন্নয়ন হয়েছে, আমরা ৫-১০ বছরের মধ্য তার চেয়ে বেশি উন্নয়ন হওয়া সম্ভব। ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে এদেশের একটা টাকাও বিদেশ পাচার হবে না। সরকারি কোন টাকা লুটপাট হবে না। আশা করি ১০০ পার্সেন্ট কাজ করার চেষ্টা করা হবে।

রোববার (১৯ অক্টোবর) বিকালে লক্ষ্মীপুরের রামগঞ্জে নির্বাচনি প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলার জিয়া অডিটোরিয়ামে ইসলামী আন্দোলনের ব্যানারে এ আয়োজন করা হয়।

সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেন, সাংবাদিকরা আমাকে প্রশ্ন করে আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে, ভোটাররা তো পালায়নি, তারা ভোট দিবে কাদের? আমি স্পষ্ট বলছি, যাদের মাধ্যমে তাদের জানমালের নিরাপত্তা পাবে তাদেরই ভোট দিবে। এমনও প্রশ্ন আসে- হিন্দুরা স্বাভাবিকভাবে আওয়ামী লীগকে ভোট দিত, এখন আওয়ামী লীগ নির্বাচন না করলে কাদের তারা ভোট দিবে? হিন্দুরাও তাদের জানমালের নিরাপত্তা যেখানে পাবে, সেখানেই ভোট দেবে। ইসলামী আন্দোলন বিজয় হলে প্রত্যেক নাগরিকের জানমালের গ্যারান্টি দেওয়া হবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ সব নাগরিকের জানমালের গ্যারান্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ।

তিনি আরও বলেন, রাস্তাঘাট করা একজন এমপির দায়িত্ব নয়। ওরা রাস্তাঘাট দেখিয়ে আমাদের ইমানকে ধ্বংস করে। ইসলামের বিরুদ্ধে আইন রচনা করে। একজন এমপির কাজ হলো বাংলাদেশ আগামীতে কিভাবে চলবে, কোনো আইনে চলবে, কোনো ভিত্তিতে চলবে এটা প্রণয়ন করা। যাদের ভোট দিয়েছেন তারা ইসলামের বিরুদ্ধে আইন পাশ করেছে। তারা মদ-জিনা ও সুদের পক্ষে আইন পাশ করেছে। ওদের ভোট দেওয়ার কারণে বাংলাদেশ থেকে ইসলামকে উৎখাত করার চক্রান্ত করতেছে।  

রামগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেলাওয়ার হোসাঈন, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন পাটওয়ারী, জেলা কমিটির সহ-সভাপতি মহি উদ্দিন ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয় মুফতি শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
