# ভোট পেছাতে দাবিদাওয়া নিয়ে সরকারকে ব্যস্ত রাখছে একটি পক্ষ : মির্জা ফখরুল

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-16
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/vot-pechate-dabidawa-niye-srkarke-bzst-rakhche-ekti-pksh-mirja-fkhrul](https://dailyfulki.com/article/vot-pechate-dabidawa-niye-srkarke-bzst-rakhche-ekti-pksh-mirja-fkhrul)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3588.md](https://dailyfulki.com/news/3588.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

ঠাকুরগাঁও সংবাদদাতা : আসন্ন নির্বাচন পেছাতে একটি পক্ষ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সরকারকে ব্যস্ত রাখছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট বেগুনবাড়ি ইউনিয়নে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন যেন না হয় সে কারণে বিভিন্ন দাবি সামনে এনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ব্যতিব্যস্ত রেখেছে একটি মহল। আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কোনো আপস নেই। ফেব্রুয়ারিতে জনগণ ভোট দিয়ে তাদের সিদ্ধান্ত নেবে। দেশের মানুষ আর হানাহানির রাজনীতি দেখতে চায় না।

তিনি বলেন, মানুষ বর্তমানে ভোটাধিকার প্রয়োগ করতে চায়। কিন্তু একটি পক্ষ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।

আওয়ামী লীগের শত নির্যাতন-নিপীড়নের পরও বিএনপি দমে যায়নি জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ক্ষমতায় থাকাকালীন বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় জর্জরিত করা হয়েছে। তবুও আমাদের লক্ষ্য ছিলো একটাই, ফ্যাসিস্টের পতন নিশ্চিত ও গণতন্ত্র পুনরুদ্ধার করা।

তৃতীয় দিনের মতো ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী আসনে গণসংযোগে সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করছেন মহাসচিব। আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে জেলার বিভিন্ন প্রান্তে চোষে বেড়াচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট স্কুলমাঠে সর্বস্তরের মানুষের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
