# পূর্বাচল প্লট জালিয়াতি : হাসিনা-রেহানা-টিউলিপের বিরুদ্ধে আরও ৯ জনের সাক্ষ্য

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-16
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/puurwacl-plt-jaliyati-hasina-rehana-tiuliper-biruddhe-aroo-9-jner-sakshz](https://dailyfulki.com/article/puurwacl-plt-jaliyati-hasina-rehana-tiuliper-biruddhe-aroo-9-jner-sakshz)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3583.md](https://dailyfulki.com/news/3583.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে করা তিন মামলায় আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আরও ৯ জন সাক্ষ্য দিয়েছেন।

ঢাকার ৪ নম্বর বিশেষ জজ মো. রবিউল আলমের আদালতে সাক্ষ্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পৌরকর শাখা অঞ্চল-১-এর উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক তৈয়বা রহিম, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রেশমা ও রেভিনিউ সুপারভাইজার দেওয়ান মো. সাঈদসহ নয়জন।

দুদক প্রসিকিউটর খান মো. মঈনুল হাসান লিপন জানান, আগামী ৩০ অক্টোবর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তার বোন শেখ রেহানা, মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকও দেশের বাইরে। পলাতক থাকায় তাদের পক্ষের আইনজীবীরা সাক্ষীদের জেরা করতে পারছেন না।

গত ৩১ জুলাই এসব মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, তাদের সন্তানসহ মোট ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। এর আগে বিভিন্ন তারিখে মোট ৪২ জন সাক্ষ্য দিয়েছেন।

পূর্বাচল নতুন শহর প্রকল্পে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদক গত ডিসেম্বরে অনুসন্ধান শুরু করে। পরে জানুয়ারিতে শেখ হাসিনা, তার সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিক রূপন্তীসহ মোট ২৩ জনের বিরুদ্ধে ছয়টি মামলা করে সংস্থাটি।

দুদকের অভিযোগ, সরকারি ক্ষমতার অপব্যবহার করে অযোগ্য হয়েও তারা পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দ নিয়েছিলেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
