# আদালতের খাস কামরা থেকে বিচারকের আইফোন চুরি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-15
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/adalter-khas-kamra-theke-bicarker-aifon-curi](https://dailyfulki.com/article/adalter-khas-kamra-theke-bicarker-aifon-curi)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3560.md](https://dailyfulki.com/news/3560.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদের খাস কামরা (চেম্বার) থেকে তার ব্যবহৃত আইফোনসহ দুটি মোবাইল ফোন, মানিব্যাগ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়েছে। রোববার (১২ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিট থেকে ১টার মধ্যে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিচারকের পক্ষে আদালতের বেঞ্চ সহকারী সাইদুল ইসলাম বাদী হয়ে কক্সবাজার সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আদালত চলাকালীন সময়ে বিচারকের খাস কামরায় রাখা ব্যাগ থেকে অজ্ঞাত চোর দুটি মোবাইল, মানিব্যাগ ও সরকারি গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়। চুরি হওয়া ফোনগুলোর মধ্যে একটি আইফোন ১৪ এবং অপরটি ভিভো-১২। এ ছাড়া মানিব্যাগে থাকা এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্রও চুরি গেছে। চুরি হওয়া মোবাইলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ ৪০ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী ও মামলার বাদী সাইদুল ইসলাম বলেন, “আদালত চলাকালীন সময়ে বিচারক নিয়মিত তার মোবাইল ও মানিব্যাগ খাস কামরায় রাখেন। রোববারও একইভাবে রাখার পর অজ্ঞাত চোর সুযোগ নিয়ে দরজা খুলে এগুলো নিয়ে গেছে। এটি আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক ঘটনা।”

কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) ফারুখ হোসেন বলেন, মামলা রুজু করা হয়েছে। চুরি হওয়া মোবাইল ও মানিব্যাগ উদ্ধারের চেষ্টা চলছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
