# মিরপুরে আগুনে দগ্ধ ১০ জনের লাশ শনাক্তের দাবি স্বজনদের

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-15
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/mirpure-agune-dgdh-10-jner-las-snakter-dabi-swjnder](https://dailyfulki.com/article/mirpure-agune-dgdh-10-jner-las-snakter-dabi-swjnder)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3554.md](https://dailyfulki.com/news/3554.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে আগুনে পুড়ে মারা যাওয়া ১৬ জনের মধ্যে ১০ জনের মরদেহ শনাক্তের দাবি করেছেন স্বজনেরা, এমন তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

ঢামেকের পরিচালক বুধবার (১৫ অক্টোবর) দুপুরে তার দপ্তরে সাংবাদিকদের বলেন, সবগুলো লাশের চেহারা বিকৃত হয়ে গেছে। তবে ১০ জনের লাশ শনাক্তের দাবি করেছেন স্বজনেরা। ভবিষ্যতে সমস্যা এড়াতে এখন সবগুলো লাশের ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হবে। পুলিশ ও জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে স্বজনদের কাছে আপাতত এই ১০টি লাশ হস্তান্তর করা যাবে।

এর আগে, শিয়ালবাড়ির একটি টিনশেড দোতলা রাসায়নিক গুদামে মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে আগুন লাগে। গুদামে আগুন ধরে বিস্ফোরিত হয়ে পাশের চারতলা ভবনে ছড়িয়ে পড়ে। পরে চারতলা ভবনের দোতলা ও তিনতলার বিভিন্ন স্থান থেকে ১৬টি লাশ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ১৬টি লাশ গতকাল সন্ধ্যার পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, নয়জন পুরুষ ও সাতজন নারীর লাশ এখানে এসেছে। লাশগুলো হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। স্বজনেরা চাইলে, আর পুলিশ বা জেলা প্রশাসন অনুমতি দিলে শনাক্ত হওয়া লাশ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা যাবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
