# চাকসুর ভোটগ্রহণ দেখানো হচ্ছে ১৪টি এলইডি স্ক্রিনে

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-15
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/caksur-votgrhn-dekhano-hcche-14ti-elidi-skrine](https://dailyfulki.com/article/caksur-votgrhn-dekhano-hcche-14ti-elidi-skrine)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3548.md](https://dailyfulki.com/news/3548.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

চবি সংবাদদাতা : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সরাসরি ১৪টি এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা শুরু হবে। ভোট গণনাও সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনের মাধ্যমে।

৩৫ বছর পর অনুষ্ঠিত চাকসুর উৎসবমুখর ভোটে বাড়তি মাত্রা যোগ করেছে এই ডিজিটাল স্ক্রিন। এক কেন্দ্রের ভোটার অন্য কেন্দ্রে প্রবেশাধিকার না থাকায় তারাও এসে এই স্ক্রিনে নির্বাচন পর্যবেক্ষণ করছেন। আবার ভোট দেওয়া শেষে কেন্দ্র থেকে বেরিয়ে মনিটরে দেখছেন অনেকে।

সরেজমিনে দেখা গেছে, চবি বিজ্ঞান অনুষদ ভোটকেন্দ্রের বাইরে স্থাপিত এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হচ্ছে ভোটগ্রহণ কার্যক্রম। বিজ্ঞান অনুষদের সামনে রাখা দুটি ডিজিটাল স্ক্রিনে নির্বাচন পর্যবেক্ষণ করছিলেন সূর্য সেন হলের শিক্ষার্থী নওশিন আরা। তিনি জানান, সকালেই এই কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি। এখন এসেছেন বন্ধুদের ভোট দেওয়া দেখতে। ডিজিটাল স্ক্রিনগুলো নির্বাচনি জবাবদিহিতার আরেকটি অনুষঙ্গ বলে জানান তিনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন জানান, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রথমবারের মতো গোপন বুথ ছাড়া ভোটকেন্দ্র ও আশপাশের এলাকা সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়েছে। বড় স্ক্রিনের মাধ্যমে এগুলো প্রদর্শন করা হচ্ছে। এতে করে সুষ্ঠু নির্বাচন আয়োজন নিশ্চিত হবে।

চাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৭ জন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে পাঁচটি অনুষদে, ১৫টি হলের জন্য নির্ধারিত ১৫টি কেন্দ্রে। মোট ৬০টি কক্ষে ৬৮৯টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটগ্রহণ চলছে ব্যালট পেপারে। গণনা হবে ওএমআর মেশিনে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ১৩টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ৪১৫ জন এবং হল ও হোস্টেল সংসদে ৪৯৩ জন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
