# মিরপুরে পোশাক কারখানা ও রাসায়নিক গুদামের আগুনে মৃত্যু বেড়ে ১৬

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-14
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/mirpure-posak-karkhana-oo-rasaynik-gudamer-agune-mrritzu-bere-16](https://dailyfulki.com/article/mirpure-posak-karkhana-oo-rasaynik-gudamer-agune-mrritzu-bere-16)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3529.md](https://dailyfulki.com/news/3529.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার: ঢাকার মিরপুরের রূপনগর এলাকায় পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ জন।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনাস্থলে সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস। সাড়ে সাত ঘণ্টা পরও নেভানো যায়নি রাসায়নিকের গুদামের আগুন।

এ ঘটনায় দগ্ম হয়ে তিনজন জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে রূপনগরের শিয়ালবাড়ি এলাকার কসমিক ফার্মা নামের একটি কেমিকেল গোডাউন এবং পাশের পোশাক কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট সেখানে নিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়। তারা পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও রাসায়নিকের গুদামে সন্ধ্যার পরও আগুন জ্বলছিল।

ফায়ার সার্ভিস কর্মকর্তা তাজুল ইসলাম চৌধুরী বিকালে ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ফায়ার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই প্রতিষ্ঠানে একসঙ্গে আগুন দেখেছেন। কেমিকেল গোডাউনে নাকি গার্মেন্টস কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

তিনি বলেন, “আমাদের সার্চিং অপারেশন এখনও চলমান রয়েছে। অপারেশন কমপ্লিটের পর ডিটেইল জানতে পারব।”

পোশাক কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে জানিয়ে তাজুল ইসলাম চৌধুরী বলেন, নিহতরা নারী না পুরুষ বোঝা যাচ্ছে না।

রাসায়নিকের গুদামে ওখনও আগুন জ্বলার কথা জানিয়ে তিনি বলেন, “এটা কিন্তু আসলে রিস্কি। ওখানে আমরা কাউকে অ্যালাউ করছি না, ইভেন আমরা ফায়ার ফাইটারদেরকেও অ্যালাউ করছি না।”

সেখানে আগুন নিয়ন্ত্রণে ড্রোনসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলে জানান তিনি।

দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেও কমপক্ষে ৩০০ গজ দূরত্ব বজায়ে রাখতে অনুরোধ করেন তাজুল ইসলাম চৌধুরী।

কারখানার কারো সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “যতটুকু জেনেছি, এটা আলম কেমিকেল ফ্যাক্টরি, সবাই বলে। কিন্তু এখন মালিকের কোনো মোবাইল ফোন অথবা মালিকের কোনো কর্মচারী ম্যানেজার কাউকেই পাওয়া যাচ্ছে না।

পুলিশ এবং আর্মি সবাই চেষ্টা করছে, (কারখানার) কাউকে পাওয়া যাচ্ছে না “

রাসায়নিকের গুদামের অনুমোদন ছিল কি-না জানতে চাইলে ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, “অনুমোদনের বিষয়টি আমরা এখনও জানতে পারিনি। তবে যতটুকু শুনেছি এটার অনুমোদান নাই। যাচাই করে তদন্তের পর বলতে পারব।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
