# ৪৯তম বিসিএস: প্রিলির ফলের আগেই মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-14
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/49tm-bisies-prilir-fler-agei-moukhik-preekshar-tarikh-ghoshna](https://dailyfulki.com/article/49tm-bisies-prilir-fler-agei-moukhik-preekshar-tarikh-ghoshna)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3528.md](https://dailyfulki.com/news/3528.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার ফল প্রকাশের আগেই ৪৯তম (বিশেষ) বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ২৬ অক্টোবর শুরু হবে ৪৯তম (বিশেষ) বিসিএসের মৌখিক পরীক্ষা।

পিএসসি সূত্রে জানা গেছে, ফল প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন, যাচাই ও ক্রস চেকের কাজ দ্রুতগতিতে চলছে। কমিশনের কর্মকর্তারা বলছেন, নির্ধারিত সময়ে মৌখিক পরীক্ষা শুরু করতে চাইলে ফল প্রকাশে আর বিলম্বের সুযোগ নেই। ফলে এই সপ্তাহেই বা সর্বোচ্চ আগামী সপ্তাহে লিখিত পরীক্ষার ফল প্রকাশ হতে পারে।

এই বিশেষ বিসিএসটি সাধারণ শিক্ষা ক্যাডারের জন্য আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল চলতি বছরের ২১ জুলাই। এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ১০ অক্টোবর। পরীক্ষায় মোট উপস্থিত ছিল ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন। উপস্থিতির হার ৫৬ দশমিক ৪৯ শতাংশ।

পিএসসি জানায়, শিক্ষার বিশেষ এই বিসিএসে ৬৮৩টি পদে নিয়োগ দেওয়া হবে এবং মোট ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন। অর্থাৎ গড়ে প্রতিটি পদের বিপরীতে প্রার্থীর সংখ্যা প্রায় ৪৫৬।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘৪৯তম (বিশেষ) বিসিএসের মৌখিক পরীক্ষা ২৬ অক্টোবর শুরু হবে। নির্ধারিত তারিখেই পরীক্ষা শুরু করার প্রস্তুতি নিয়েছে কমিশন। লিখিত পরীক্ষার ফল প্রকাশের কাজও দ্রুতগতিতে চলছে, যাতে ফলাফল প্রকাশ ও মৌখিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।’

চাকরিপ্রত্যাশীরা পিএসসির এই উদ্যোগকে সময়োপযোগী বলে দেখছেন। কারণ, শিক্ষা ক্যাডারে দীর্ঘদিন ধরে শূন্য পদ ছিল। এবার দ্রুত নিয়োগ হলে শিক্ষা খাতে শূন্যস্থান কিছুটা পূরণে সহায়তা করবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
