# সেপ্টেম্বরে ৫০৪টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫০২, আহত ৯৬৪

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-14
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/septembre-504ti-sdk-durghtnaz-niht-502-aht-964](https://dailyfulki.com/article/septembre-504ti-sdk-durghtnaz-niht-502-aht-964)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3522.md](https://dailyfulki.com/news/3522.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সেপ্টেম্বর মাসে সারাদেশে ৫০৪টি সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৫০২ এবং আহত হয়েছেন ৯৬৪ জন। এর মধ্যে ১৯১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৯৯ জন নিহত এবং ১৮৮ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে সড়ক দুর্ঘটনার এই প্রতিবেদন তুলে ধরা হয়। সংগঠনটি বলছে, বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যাটারিচালিতঅটোরিকশার নিবন্ধন দেওয়ার উদ্যোগ নিলে দেশে সড়ক দুর্ঘটনা দ্বিগুণ হতে পারে কারণ এই পরিকল্পনার গলদ রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, যেখানে ১২৬টি দুর্ঘটনায় ১২২ জন নিহত ও ২১৬ জন আহত হয়েছেন। অন্যদিকে, সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে, যেখানে ২২টি দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ৪৭ জন আহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনায় সংগঠিত ৭৭২টি যানবাহনের পরিচয় মিলেছে। এর মধ্যে ২৯ দশমিক ০১ শতাংশ মোটরসাইকেল, ২২ দশমিক ০২ শতাংশ ট্রাক-পিকাপ-কাভার্ডভ্যান ও লরি, ১৬ দশমিক ৫৮ শতাংশ বাস এবং ১২ দশমিক ১৭ শতাংশ ব্যাটারিচালিত রিক্সা ও ইজিবাইক ছিল।

দুর্ঘটনার ধরনের বিশ্লেষণে দেখা যায়, মোট দুর্ঘটনার ৪৮ দশমিক ৮০ শতাংশ গাড়ি চাপা দেওয়ার ঘটনা, ২৮ দশমিক ৫৭ শতাংশ মুখোমুখি সংঘর্ষ এবং ১৭ দশমিক ৮৫ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার কারণে ঘটেছে। এছাড়া ৩ দশমিক ৭৬ শতাংশ বিবিধ কারণে, শূন্য দশমিক ৩৯ শতাংশ চাকায় ওড়না পেঁচিয়ে এবং শূন্য দশমিক ৫৯ শতাংশ ট্রেন-যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার স্থান বিশ্লেষণে দেখা যায়, গত মাসে সংগঠিত মোট দুর্ঘটনার ৪৫ দশমিক ০৩ শতাংশ জাতীয় মহাসড়কে, ২৪ শতাংশ আঞ্চলিক মহাসড়কে এবং ২৫ দশমিক ৩৯ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে। এছাড়াও ঢাকা মহানগরীতে ৩ দশমিক ৯৬ শতাংশ, চট্টগ্রাম মহানগরীতে শূন্য দশমিক ৯৯ শতাংশ ও রেলক্রসিংয়ে শূন্য দশমিক ৫৯ শতাংশ দুর্ঘটনা ঘটেছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
