# হোয়াইটওয়াশ এড়ানোর পাশাপাশি পরবর্তী সিরিজে চোখ বাংলাদেশের

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-14
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/hoyaitooyas-eranor-pasapasi-prbrtee-sirije-cokh-bangladeser](https://dailyfulki.com/article/hoyaitooyas-eranor-pasapasi-prbrtee-sirije-cokh-bangladeser)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3505.md](https://dailyfulki.com/news/3505.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

ফুলকি ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। ফলে তাদের সামনে এখন সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোই লক্ষ্য। তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ (মঙ্গলবার) বাংলাদেশ-আফগানিস্তান মুখোমুখি হবে। এই ম্যাচটা জিতেই দেশ ফিরতে চান রিশাদ হোসেন। একইসঙ্গে দেশের মাটিতে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়েও ভাবতে শুরু করেছে টাইগাররা।

তৃতীয় ম্যাচের আগে আবুধাবিতে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়েছেন রিশাদ। এই লেগস্পিন অলরাউন্ডার বলেন, ‘যেহেতু ২ ম্যাচ হেরেছি, আমাদের সবার প্ল্যান এখন শেষ ম্যাচ জিতে দেশে ফিরে পরের সিরিজে কীভাবে ভালো করা যায়। খারাপ দল ভালো দল না আসলে। আমরা সবাই ভুল করেছি। দল হিসেবে খারাপ সময় যাচ্ছে। দলের ভেতর আলোচনা হচ্ছে কীভাবে এটা নিয়ে কাজ করব। সবাই সবার দিক থেকে ১১০% দিচ্ছে। আশা করছি এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে আসব।’

বাংলাদেশের নিত্যসঙ্গী অধারাবাহিক ব্যাটিং–ই আফগান সিরিজেও আলোচনার কেন্দ্রে। বোলাররা প্রতিপক্ষ ব্যাটারদের ওপর ছড়ি ঘোরালেও, প্রত্যাশা পূরণ করতে পারছেন না ব্যাটাররা। এ প্রসঙ্গে রিশাদ বলেন, ‘আসলে প্রতিপক্ষের বোলার কেমন করছে সেটা আমাদের (ভাবার ব্যাপার) না। সবাই একটু একটু ভুল করছি দল হিসেবে। চেষ্টা করছি ভুলটা কীভাবে রিকোভার করা যায়। আশা করছি তাড়াতাড়ি (ফিরব এই পরিস্থিতি কাটিয়ে)।’

সিনিয়র ক্রিকেটারদের অনেকেই ওয়ানডে থেকে অবসর নেওয়ার প্রভাব পড়েছে কি না এমন প্রশ্নের জবাবে রিশাদ জানান, ‘আসলে এটা নিয়ে সেরকম কিছু বলার নেই। একটা নিউ জার্নিতে যাচ্ছি। এই সময়ে একটু সবার সাপোর্ট বা বিশ্বাস থাকলে বেটার কিছু করব ইনশাআল্লাহ।’

প্রসঙ্গত, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করা বাংলাদেশ প্রথম ওয়ানডেতে মাত্র ২২১ রানে অলআউট হয়ে যায়। ৫ উইকেটে হার দিয়ে সিরিজ শুরু করে মেহেদী হাসান মিরাজের দল। দ্বিতীয় ওয়ানডেতে তাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল। বোলারদের নৈপুণ্যে মাত্র ১৯০ রানে থামে আফগানদের দৌড়। কিন্তু চূড়ান্ত অবনতি ঘটে বাংলাদেশের ব্যাটিং লাইনআপের। মাত্র ১০৯ রানে গুটিয়ে নিশ্চিত করে সিরিজ হার। অথচ সিরিজটি র‌্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ছিল।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
