# আশুলিয়ায় জালিয়াতি মামলায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-13
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-jaliyati-mamlay-varteey-nagrik-greptar-jel-gete-jijngasabader-nirdes](https://dailyfulki.com/article/asuliyay-jaliyati-mamlay-varteey-nagrik-greptar-jel-gete-jijngasabader-nirdes)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3495.md](https://dailyfulki.com/news/3495.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় প্রতারণা ও জালিয়াতির মামলায় জগদীশ সিং (৫০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে সোমবার (১৩ অক্টোবর) আদালতে পাঠালে বিজ্ঞ বিচারক তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে এক দিনের জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী তানভীর হাসান সোহেল বলেন, ‘প্রতারণা ও জালিয়াতির মামলায় ভারতীয় নাগরিক জগদীশ সিংকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক আশরাফুল হাসান চার দিনের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেন। বাদীপক্ষ থেকে আমরা রিমান্ডের পক্ষে শুনানি করি। 

শুনানিতে আমরা বলেছি, এ আসামিসহ বাংলাদেশি আরও চারজনের একটি চক্র আছে। তারা দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। তাদের সঙ্গে আরও কে কে আছে, এ বিষয়টি জানার জন্য চার দিনের রিমান্ড প্রয়োজন। আসামিপক্ষের আইনজীবী আরিফুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি নিয়ে বিচারক রিমান্ড ও জামিন নামঞ্জুর করে এক দিনের জেল গেইটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।’

এরআগে রবিবার রাত ১১টারদিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন জমজম টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার জগদীশ সিং ভারতের নাগরিক। তিনি প্রায় ১০-১১ বছর আগে বাংলাদেশি নাগরিক লায়লা শারমিন প্রিয়াকে বিয়ে করে ঢাকার গুলশান ও উত্তরায় বসবাস করে আসছিলেন। দাম্পত্য জীবনে তাদের তিন সন্তান রয়েছে। বর্তমানে তিনি দক্ষিণ খান থানাধীন আর্মি হাউজিং সোসাইটিতে স্ত্রী ও সন্তানদের সঙ্গে বসবাস করছিলেন বলে জানা গেছে।

গত ১৮ এপ্রিল লাম মীম এপারেলসের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক নজরুল ইসলাম মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি জগদীশ সিং’সহ আরও কয়েকজন পরিকল্পিতভাবে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার উদ্দেশ্যে জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া নথি প্রস্তুত করে স্বাক্ষর জাল করেন এবং ৬১ হাজার মার্কিন ডলার আত্মসাতের চেষ্টা চালান।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
