# রমজানে প্রয়োজনের অতিরিক্ত ভোগ্যপণ্য আমদানির নির্দেশ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-13
- **বিভাগ (Category)**: অর্থনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/rmjane-pryojner-otirikt-vogzpnz-amdanir-nirdes](https://dailyfulki.com/article/rmjane-pryojner-otirikt-vogzpnz-amdanir-nirdes)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3481.md](https://dailyfulki.com/news/3481.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার: রমজান মাসকে সামনে রেখে বাজারে ভোগ্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে পণ্য আমদানির নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এবার ব্যাংকগুলোর হাতে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা থাকায় আমদানিকারকদের ডলার সংকট নিয়ে উদ্বেগ নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, ছোলা, খেজুর, ডাল, পেঁয়াজ, চিনি ও ভোজ্যতেলসহ রমজানে বহুল ব্যবহৃত পণ্যের নির্ধারিত চাহিদার চেয়ে বেশি আমদানি নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনে এই পণ্যগুলো রমজানের পরও বাজারে বিক্রি করা যাবে।

গভর্নর ড. আহসান এইচ মনসুর বিদেশ সফরে যাওয়ার আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যেন রমজানসংক্রান্ত পণ্য আমদানিতে কোনো ধরনের জটিলতা বা বিলম্ব না ঘটে।

প্রয়োজনে ব্যাংকগুলোর কাছ থেকে কেন্দ্রীয় ব্যাংকের ডলার ক্রয় প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

তবে ডলার পরিস্থিতি স্থিতিশীল থাকলে সেই প্রক্রিয়া চালু থাকবে বলেও জানা গেছে। চলতি অর্থবছরে (২০২৫–২৬) এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক প্রায় আড়াই বিলিয়ন ডলার ক্রয় করেছে।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আগে ডলার সংকটের কারণে অনেক সময় কেন্দ্রীয় ব্যাংক থেকে ডলার দিতে হতো। এখন ব্যাংকগুলোর নিজস্ব ডলার মজুত পর্যাপ্ত থাকায় গভর্নর প্রয়োজনের চেয়ে বেশি পণ্য আমদানির নির্দেশ দিয়েছেন।’

এর আগে, গত ২২ সেপ্টেম্বর নিত্যপণ্যের সরবরাহ ও বাজারমূল্য পরিস্থিতি পর্যালোচনায় দেশের শীর্ষ ২০ আমদানিকারকের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ ব্যাংক। বৈঠকে আমদানিকারকদের শুল্কজনিত সমস্যার সমাধান ও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন গভর্নর।

সেই বৈঠকে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ, টিকে গ্রুপ, সিটি গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, প্রাণ-আরএফএল, নাবিল গ্রুপ, নিউজিল্যান্ড ডেইরি এবং ডেলটা অ্যাগ্রো ফুডসহ শীর্ষ আমদানিকারকদের প্রতিনিধিরা।

কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম খান বলেন, ‘সরকার ইতোমধ্যে রমজানে ব্যবহৃত প্রধান ভোগ্যপণ্যে শুল্ক ছাড় দিয়েছে। এতে আমদানিকারকেরা পর্যাপ্ত পণ্য আনতে উৎসাহিত হয়েছেন। ফলে এবার রোজায় বাজারে সরবরাহ বাড়বে এবং দামে স্বস্তি আসবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
