# বরিশালে মেঘনা নদীতে অভিযান, ২২ লাখ মিটার কারেন্ট জালসহ ২৭ জেলে আটক

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-13
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/brisale-meghna-ndeete-ovizan-22-lakh-mitar-karent-jalsh-27-jele-atk](https://dailyfulki.com/article/brisale-meghna-ndeete-ovizan-22-lakh-mitar-karent-jalsh-27-jele-atk)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3480.md](https://dailyfulki.com/news/3480.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

বরিশাল সংবাদদাতা : বরিশালের হিজলায় মেঘনা নদী ও সংলগ্ন খালে যৌথ অভিযানে ২৭ জন জেলেকে আটক করা হয়েছে। এ সময় প্রায় ২২ লাখ মিটার কারেন্ট জাল ও ১২টি ইলিশ মাছ জব্দ করা হয়।

গতকাল রবিবার (১২ অক্টোবর) দিনব্যাপী শান্তির বাজার, চর বাউসিয়া ও বোম্বে শহর সংলগ্ন মেঘনা নদী ও খাল এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনী, উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড হিজলা ও নৌ পুলিশ ফাঁড়ি।

অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মারুফুল ইসলাম, কোস্টগার্ডের পিও (মিউস) মাসুদ সিসি, এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করেকিছু অ সাধু জেলে নদীতে মাছ ধরতে থাকলে প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়। নৌ পুলিশ ও কোস্টগার্ডের তাড়ানোর পরও কিছু জেলে সংযুক্ত খালে ট্রলারসহ অবস্থান করলে সেনাবাহিনীর সহায়তায় তাদের আটক করা হয়। অভিযানে জব্দ জাল পুড়িয়ে ফেলা হয় এবং আটকদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, ‘ইলিশের প্রজনন মৌসুমে যারা আইন অমান্য করে মাছ ধরে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।’
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
