# পিআর পদ্ধতির নির্বাচনসহ ৫ দফা দাবিতে ঢাকা জেলা জামায়াতের স্মারকলিপি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-12
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/piar-pddhtir-nirwacnsh-5-dfa-dabite-dhaka-jela-jamayater-smarklipi](https://dailyfulki.com/article/piar-pddhtir-nirwacnsh-5-dfa-dabite-dhaka-jela-jamayater-smarklipi)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3461.md](https://dailyfulki.com/news/3461.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : জুলাই জাতীয় সনদ ও পিআর পদ্ধতির নির্বাচনসহ ৫ দফা দাবিতে ঢাকা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (১২ অক্টোবর) ঢাকা জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর রাইসা বাজার চৌরাস্তা এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল সহকারে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জড়ো হয়। সেখান থেকে নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদের দপ্তরে গিয়ে তার হাতে স্মারক লিপি জমা দেন। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল উপস্থিত ছিলেন।

স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের ব্রিফিং এ নুরুল ইসলাম বুলবুল বলেন, জুলাই সনদের আইনিভিত্তি নিশ্চিতকরণ, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের বিচার ও বিচারকালীন সময়ে তাদের নিষিদ্ধের দাবি জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে ও জামায়াত মনোনীত ঢাকা ১৯ আসনের এমপি প্রার্থী ও ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আফজাল হোসাইন এর সঞ্চালনায় স্মারকলিপি প্রদানপূর্বক সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম, ঢাকা জেলা নায়েবে আমীর ও ঢাকা-৩ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মোঃ শাহিনুল ইসলাম, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ঢাকা-৫ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ঢাকা-৬ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. আব্দুল মান্নান, ঢাকা জেলা সহকারী সেক্রেটারি উপাধাক্ষ মাওলানা মোঃ শাহাদাত হোসাইন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ঢাকা জেলা উত্তরের সভাপতি আবু সুফিয়ান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা শিবির সভাপতি রিয়াজুল ইসলাম প্রমুখ। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর, ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা জেলা নায়েবে আমীর ও ঢাকা-২০ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোঃ আব্দুর রউফ, ঢাকা জেলা সহকারী সেক্রেটারি এবিএম কামাল হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য ও রাজনৈতিক সেক্রটারী হাসান মাহবুব, আইন বিষয়ক সেক্রেটারি এডভোকেট মোঃ শহিদুল ইসলাম, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম এবং ঢাকা জেলা শুরা সদস্য ও জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ তৌফিক হাসান প্রমুখ।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
