# ডিএনসিসিতে প্রতিদিন ৭২ হাজার শিশুকে দেওয়া হবে টাইফয়েড টিকা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-12
- **বিভাগ (Category)**: স্বাস্থ্য
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/diensisite-prtidin-72-hajar-sisuke-dewa-hbe-taifyed-tika](https://dailyfulki.com/article/diensisite-prtidin-72-hajar-sisuke-dewa-hbe-taifyed-tika)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3454.md](https://dailyfulki.com/news/3454.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : টাইফয়েড জ্বর প্রতিরোধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১০টি অঞ্চলে আজ রোববার (১২ অক্টোবর) থেকে টিকা দেওয়া শুরু হয়েছে। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী ১৮ কর্মদিবসে (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) ডিএনসিসি এলাকায় এ টিকা দেওয়া হবে। কর্মসূচির আওতায় প্রতিদিন ৭২ হাজার শিশু ও ছাত্র-ছাত্রীকে টিকা দেওয়া হবে। এভাবে মোট ১২ লাখ ৯৪ হাজার ৬৯ জন শিশুকে টাইফয়েড টিকা প্রদান করা হবে।

রোববার ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জোবায়ের হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ডিএনসিসির আওতাধীন এলাকার ২,১৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৭ লাখ ৬০ হাজার ৭৯০ জন ছাত্র-ছাত্রী ও কমিউনিটি পর্যায়ে ৬৫৬টি
ইপিআই কেন্দ্রে প্রায় ৫ লাখ ৩৩ হাজার ২৭৯ জন শিশুকে টিকা দেওয়া হবে।

ডিএনসিসির আওতাধীন ২১টি এলাকার ২,১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ২০২টি ইংরেজি মিডিয়াম স্কুলের ৫৪ হাজার ৬৬৮ জন,
ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের ৫৬ হাজার ৪৬৫ জন ও ৫১০টি মাদ্রাসার ৩ লাখ ৪ হাজার ৩১৬ জন ছাত্র-ছাত্রীদের টিকা প্রদান করা হবে। টিকা
কার্যক্রমে প্রতিদিন ৭১২ জন ভ্যাকসিনেটর ও ৯৭২ জন স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করবে।

১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ১০ দিন টিকা প্রদান করা হবে। ১৩ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত স্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্রসমূহে এবং ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত স্যাটেলাইট বা আউটরিচ ইপিআই কেন্দ্রসমূহে টিকা প্রদান করা হবে। টিকাদান ক্যাম্পেইন প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পরিচালনা করা হবে। প্রতিটি টিমে দুজন ভ্যাকসিনেটর ও তিনজন ভলান্টিয়ার কাজ করবে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন ৭২ হাজার শিশু ও ছাত্র-ছাত্রীকে টাইফয়েড টিকা প্রদান করা হবে।

টিকাদান কার্যক্রম সমন্বয়ে নগর ভবন, ডিএনসিসি পর্যায়ে একটি মনিটরিং সেল এবং মাঠ পর্যায়ের জন্য একটি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এ কার্যক্রম এ জরুরি প্রয়োজনে ডিএনসিসির পাঁচটি অ্যাম্বুলেন্স ব্যবহার করা হবে। আজ রোববার ১৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৫ হাজার ছাত্র-ছাত্রীকে টাইফয়েড টিকা প্রদান করা হবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
