# ১০০ আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করতে যাচ্ছে এবি পার্টি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-12
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/100-asne-prathmik-mnonyn-ghoshna-krte-zacche-ebi-parti](https://dailyfulki.com/article/100-asne-prathmik-mnonyn-ghoshna-krte-zacche-ebi-parti)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3453.md](https://dailyfulki.com/news/3453.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০০ আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করতে যাচ্ছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

রোববার (১২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একশত আসনে মনোনীত প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করবে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তালিকা ঘোষণা করা হবে। একই দিন তোপখানা রোডের ফারইষ্ট টাওয়ার মিলনায়তনে মনোনীত প্রার্থীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হবে।

এত বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পার্টির দু’জন ভাইস চেয়ারম্যান ও একজন যুগ্ম সাধারণ সম্পাদকের নেতৃত্বে যে প্রার্থী বাছাই কমিটি গঠন করা হয়েছিল তারা দীর্ঘ কার্যক্রম সমাপনান্তে ইতোমধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন দাখিল করেছে। দলের কার্যনির্বাহী কাউন্সিলের সাম্প্রতিক এক সভায় সে প্রতিবেদন মূল্যায়নের পর ১ম পর্যায়ে ১০০টি আসনে দলের প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাসখানেক আগে দলের আগ্রহী প্রার্থীদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল। সে সভার সিদ্ধান্ত অনুযায়ী দল থেকে সর্বোচ্চ সংখ্যক আসনে প্রার্থী দেওয়ার নীতিগত সিদ্ধান্ত জানানো হয়। তারই ধারাবাহিকতায় প্রাথমিক এই তালিকা ঘোষণা করা হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে যাচাই বাছাই শেষ হলে নভেম্বরের ১ম সপ্তাহে পরবর্তী প্রার্থীদের নাম ঘোষণা করা হবে মর্মে আশাবাদ ব্যক্ত করা হয়।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ দলের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণ, প্রার্থী তালিকা চূড়ান্ত করণ ও আগামী ১৬ অক্টোবরের সভাকে সফল করার জন‍্য সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
