# কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ৫২ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-11
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/kumillar-brahmnpara-seemante-52-lakh-takar-varteey-ooshudh-jbd](https://dailyfulki.com/article/kumillar-brahmnpara-seemante-52-lakh-takar-varteey-ooshudh-jbd)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3396.md](https://dailyfulki.com/news/3396.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকা থেকে ৫২ লাখ টাকার বেশি মূল্যের মালিকবিহীন ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) শশীদল অধীনস্থ একটি টহলদল চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এসব ওষুধ জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার সীমান্ত পিলার থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আশাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন প্রকার ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। জব্দ এসব ওষুধের আনুমানিক বাজারমূল্য ৫২ লাখ ৯১ হাজার ২৫০ টাকা।

উদ্ধার মালামাল নিকটস্থ কুমিল্লা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, ‘সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে অবৈধ মালামাল জব্দ করা হচ্ছে।’

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
