# পিআর নিয়ে জাতির রায় আমরা গ্রহণ করবো : গোলাম পরওয়ার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-10
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/piar-niye-jatir-ray-amra-grhn-krbo-golam-prwar](https://dailyfulki.com/article/piar-niye-jatir-ray-amra-grhn-krbo-golam-prwar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3372.md](https://dailyfulki.com/news/3372.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : পিআর নিয়ে জাতির রায় আমরা গ্রহণ করবো বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত গণ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, জাতি যদি পিআরের পক্ষে রায় দেয়, তাহলে সব দলকে তা মানতে হবে। আর জাতি না মানলে সে রায় আমরাও গ্রহণ করবো।

তিনি বলেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট এবং সেখানে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করতে হবে। জাতির মতামত না নিয়ে পিআরকে উপেক্ষা করা যাবে না।

গোলাম পরওয়ার বলেন, পিআর জনগণ বোঝে না-এমন প্রচার চালানো হচ্ছে। তবে দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলে উল্লেখ করেন তিনি।

সেক্রেটারি জেনারেল বলেন, ফ্যাসিবাদের দোসরদের বিচার বিঘ্নিত করতে বারবার অপচেষ্টা চালানো হচ্ছে। বিশেষ দলের চাপে প্রশাসনে তাদের পছন্দের লোক বসানো হচ্ছে। এতে লেভেল প্লেয়িং ফিল্ড বিঘ্নিত হচ্ছে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে আবারও বিতর্কিত নির্বাচন হবে।

একটি দল সহযোগিতা করছে না উল্লেখ করে তিনি আরও বলেন, অনেকে দ্রুত নির্বাচন চায় কিন্তু সংস্কারে সহযোগিতা করেন না। দলের চেয়ে দেশ বড় মুখে বললেও কাজে তা প্রকাশ করছে না একটি রাজনৈতিক দল।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
