# তাপসের তিন ব্যাংক হিসাবে ১৮ লাখ টাকা অবরুদ্ধের আদেশ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-09
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/tapser-tin-bzangk-hisabe-18-lakh-taka-obruddher-ades](https://dailyfulki.com/article/tapser-tin-bzangk-hisabe-18-lakh-taka-obruddher-ades)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3325.md](https://dailyfulki.com/news/3325.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের নামে থাকা তিন ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ১৭ লাখ ৯০ হাজার ৮৯১ টাকা রয়েছে। বৃহস্পতিবার  ৯ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এদিন দুদকের সহকারী পরিচালক ফেরদৌস রহমান এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

ওই আবেদনে বলা হয়, শেখ ফজলে নূরর তাপস সংসদ সদস্য ও মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৩৭ টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জন করে। এছাড়া তার নামীয় ২৭টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৫৩৯ কোটি ১৬ লাখ ২৫ হাজার ২৭৮ টাকা এবং ৫ লাখ ১৭ হাজার ৫২৭ মার্কিন ডলার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর ও স্থানান্তরের অভিযোগে দুদক মামলা করে।

তার  অর্জিত সব সম্পদ সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়নি। তবে এখন পর্যন্ত প্রাপ্ত তার নামের এসব অস্থাবর সম্পদ যাতে অন্যত্র হস্তস্তর ও স্থানান্তর করতে না পারেন সেজন্য এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

তদন্তকালে বিশ্বস্তসূত্রে জানা যায়, তাপস তার নামের এসব অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির পূর্বে এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির কারণ রয়েছে। এজন্য এসব সম্পদসমূহ অবিলম্বে অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
