# তালা কেটে ৫০০ ভরি স্বর্ণ চুরি, যা ধরা পড়ল সিসি ক্যামেরায়

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-09
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/tala-kete-500-vri-swrn-curi-za-dhra-prl-sisi-kzameray](https://dailyfulki.com/article/tala-kete-500-vri-swrn-curi-za-dhra-prl-sisi-kzameray)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3318.md](https://dailyfulki.com/news/3318.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : রাজধানীর মালিবাগে একটি শপিংমলে জুয়েলারি দোকানের তালা কেটে প্রায় ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, বোরকা পরা চোরচক্রের দুই সদস্য দোকানের তালা কেটে স্বর্ণ নিয়ে যাচ্ছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে মালিবাগের মৌচাক মোড়ের ফরচুন শপিংমলে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে পুলিশ ও স্থানীয় সূত্র এ তথ্য নিশ্চিত করে।

‘শম্পা জুয়েলার্স’ নামের ওই দোকানের মালিক অচিন্ত কুমার বিশ্বাস জানান, দোকানে প্রায় ৪০০ ভরির মতো স্বর্ণ সাজানো ছিল। এছাড়া আরও ১০০ ভরির মতো বন্ধকি স্বর্ণ এবং প্রায় ৪০ হাজার টাকা নগদ ছিল। সবকিছু নিয়ে গেছে।  

তিনি বলেন, প্রতিদিনের মতো বুধবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে মার্কেটের দারোয়ান ফোন করে জানান দোকানে চুরি হয়েছে। এসে দেখি সব শেষ—একটা স্বর্ণও নেই।  

পুলিশ জানিয়েছে, রাত আনুমানিক ৩টার দিকে দুর্ধর্ষ এ চুরির ঘটনা ঘটে। ঘটনার পর সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং এতে দেখা গেছে, বোরকা পরা দুই ব্যক্তি দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করছে। তাদের শনাক্তে অভিযান চলছে।

এর আগে গত রোববার (৫ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ীতেও এক জুয়েলারি দোকানের দেয়াল কেটে প্রায় ১২৫ ভরি স্বর্ণ ও নগদ পৌনে তিন লাখ টাকা চুরি হয়। ওই ঘটনায় মঙ্গলবার (৭ অক্টোবর) যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
