# ৩০ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডির সুযোগ, চলছে আবেদন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-08
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/30-bishze-jateez-biswbidzalze-emfil-pieicdir-suzog-clche-abedn](https://dailyfulki.com/article/30-bishze-jateez-biswbidzalze-emfil-pieicdir-suzog-clche-abedn)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3277.md](https://dailyfulki.com/news/3277.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ৩০টি বিষয়ে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে পূর্ণকালীন গবেষক ভর্তির আবেদন প্রক্রিয়া চলছে। এ সংক্রান্ত অনলাইন আবেদন করার সময়সীমা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গাজীপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত এ প্রোগ্রামে দেশীয় চাহিদা, উন্নয়ন, মুক্তিযুদ্ধ, সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক গবেষণাকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে থেকে নির্ধারিত পে-স্লিপ ডাউনলোড করে এমফিল প্রার্থীদের ১ হাজার ৫০০ টাকা এবং পিএইচডি প্রার্থীদের ২ হাজার টাকা আবেদন ফি সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে। এরপর আবেদনকারীদের ৫ নভেম্বরের মধ্যে অনলাইনে পূরণ করা আবেদন ফরমের প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে। তবে যেসব প্রার্থী ইতোমধ্যে আবেদন ফরম পূরণ করে ফি জমা দিয়েছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বর্ধিত সময়সূচি অনুযায়ী, লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ নভেম্বর, ফলাফল প্রকাশিত হবে ২৫ নভেম্বর, আর সাক্ষাৎকার নেওয়া হবে ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত। মেধাতালিকা প্রকাশ করা হবে ৯ ডিসেম্বর। এরপর ১১ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ভর্তির কার্যক্রম চলবে। এমফিল ও পিএইচডি প্রোগ্রামের কোর্সওয়ার্ক ও গবেষণা কার্যক্রম শুরু হবে আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) পাওয়া যাবে। এ ছাড়া সংশ্লিষ্ট একাডেমিক কমিটির চেয়ারম্যানদের সঙ্গে বিজ্ঞপ্তিতে উল্লিখিত মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে।

**ভর্তি হওয়া যাবে যেসব বিষয়ে**
এমফিল ও পিএইচডি প্রোগ্রাম চালু রয়েছে আর্টস, সোশ্যাল সায়েন্স, ন্যাচারাল সায়েন্স, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স এবং বিজনেস স্টাডিজ গ্রুপে। এর মধ্যে আর্টস গ্রুপে বাংলা, ইংরেজি, আরবি, পালি, সংস্কৃত, ইসলামিক স্টাডিজ, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং দর্শন বিষয়ে ভর্তি হবে।

সোশ্যাল সায়েন্সে সমাজবিজ্ঞান, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, নৃবিজ্ঞান, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান অন্তর্ভুক্ত। আর ন্যাচারাল সায়েন্সে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, পরিসংখ্যান ও কম্পিউটার সায়েন্স, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সে উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, মনোবিজ্ঞান, ভূগোল ও গার্হস্থ্য অর্থনীতি এবং বিজনেস স্টাডিজ গ্রুপে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ম্যানেজমেন্ট স্টাডিজ, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে ভর্তি নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, দেশের সামাজিক চাহিদা, উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং শিক্ষা-সামাজিক চ্যালেঞ্জ সম্পর্কিত গবেষণায় অগ্রাধিকার দেওয়া হবে।

**ভর্তি হতে লাগবে যেসব যোগ্যতা**
এমফিল প্রোগ্রামে ভর্তি হতে হলে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএ ২.৭৫ এবং স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর বা সিজিপিএ ২.৫০ থাকতে হবে। তিন বছর মেয়াদি স্নাতক (পাস) ডিগ্রিধারীদের ক্ষেত্রে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর বা সিজিপিএ ২.৭৫ থাকতে হবে। বাংলা ও ইংরেজি বিষয়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর বা সিজিপিএ ২.৫০ থাকলেই আবেদন করা যাবে।

পিএইচডি প্রোগ্রামের জন্য আবেদন করতে হলে জাতীয় বিশ্ববিদ্যালয় বা ইউজিসি অনুমোদিত অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে এমফিল বা সমমানের ডিগ্রি থাকতে হবে। বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রিধারী প্রার্থীদের সিজিপিএ ন্যূনতম ৩.০০ এবং অন্তত একটি গবেষণামূলক প্রকাশনা থাকতে হবে।

এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজের শিক্ষকরা যদি স্নাতক ও স্নাতকোত্তরসহ অন্তত তিনটি প্রথম বিভাগ বা সিজিপিএ ৩.০০, তিন বছরের শিক্ষকতা অভিজ্ঞতা এবং একটি স্বীকৃত গবেষণাপত্র প্রকাশ করে থাকেন, তারা সরাসরি পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে পারবেন বলেও জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
