# সাবেক সেনা কর্মকর্তার এনআইডি ব্লক, দেশত্যাগে নিষেধাজ্ঞা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-07
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/sabek-sena-krmkrtar-enaidi-blk-destzage-nishedhajnga](https://dailyfulki.com/article/sabek-sena-krmkrtar-enaidi-blk-destzage-nishedhajnga)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3268.md](https://dailyfulki.com/news/3268.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) সামছুর রহমানের এনআইডি ব্লকসহ বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (০৭ অক্টোবর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এদিন সামছুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক আলমগীর হোসেন।

আবেদনে বলা হয়, সামছুর রহমানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অনুসন্ধানে জানা যায়— সামছুর রহমান এবং তার পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে প্রচুর স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে। তারা এই সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের পাঁয়তারা করছেন।

সামছুর রহমান ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর রোধকল্পে এবং তাদের অপরাধমূলক কাজের আলামত রক্ষার স্বার্থে সামছুর রহমানের জাতীয় পরিচয়পত্র স্থগিত বা ব্লক করা ও বিদেশগমণ রহিতকরণ প্রয়োজন।

শুনানি শেষে বিচারক এই আবেদন মঞ্জুর করে আদেশ দেন।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
