# ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া দলে ফিরলেন স্টার্ক, বাদ লাবুশেন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-07
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/varter-bipkshe-ostreliya-dle-firlen-stark-bad-labusen](https://dailyfulki.com/article/varter-bipkshe-ostreliya-dle-firlen-stark-bad-labusen)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3228.md](https://dailyfulki.com/news/3228.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

ফুলকি ডেস্ক : ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। প্রায় এক বছর পর আবারও ওয়ানডে দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক। ৩৫ বছর বয়সী এই বাঁহাতি বোলার সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন গত বছরের নভেম্বরে।

তবে বাদ পড়েছেন ব্যাটার মারনাস লাবুশেন।

গত ১০ ইনিংসে তার সর্বোচ্চ স্কোর ৪৭ হওয়ায় ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্তে অবাক হওয়ার কিছু নেই। লাবুশেনের জায়গায় ওয়ানডে স্কোয়াডে সুযোগ পেয়েছেন ম্যাট রেনশ। ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যানের ওয়ানডে অভিষেক হতে পারে ভারতের বিপক্ষে। এর আগে ২০২২ সালে পাকিস্তান সফরে দলে ছিলেন, তবে মাঠে নামার সুযোগ পাননি তিনি।

ভারতের বিপক্ষে ১৯ অক্টোবর সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে পার্থে। তবে উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারি সেদিন মাঠে থাকবেন না। সাউথ অস্ট্রেলিয়ার হয়ে শেফিল্ড শিল্ডে খেলবেন তিনি। অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ওয়ানডে দলে রাখা হলেও টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়নি।

অ্যাশেজের প্রস্তুতির অংশ হিসেবে তিনি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে শেফিল্ড শিল্ডে খেলবেন।
লাবুশেনের জন্যও সেটাই এখন লক্ষ্য—ঘরোয়া ক্রিকেটে রান করে টেস্ট দলে ফেরার চেষ্টা। মৌসুমের শুরুটা তিনি করেছেন দুর্দান্তভাবে, তাসমানিয়ার বিপক্ষে খেলেছেন ১৬০ রানের ইনিংস।

ওয়ানডে সিরিজ শেষে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও মাঠে নামবে অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে সিএ।

চোটের কারণে এখনই দলে ফিরছেন না গ্লেন ম্যাক্সওয়েল। তার বদলে টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাথান এলিস। সিরিজের প্রথম ম্যাচ হবে ২৯ অক্টোবর, ক্যানবেরায়।
অস্ট্রেলিয়ার ওয়ানডে দল:
মিচেল মার্শ (অধিনায়ক), হ্যাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), কুপার কনোলি, বেন ডওয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ (উইকেটকিপার), মিচেল ওয়েন, ম্যাট রেনশ, ম্যাথু শর্ট, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল (প্রথম দুই ম্যাচ):
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবোট, হ্যাভিয়ের বার্টলেট, টিম ডেভিড, বেন ডওয়ারশুইস, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ (উইকেটকিপার), ম্যাথু কুনেমান, মিচেল ওয়েন, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
