# আশুলিয়ায় সাদ হত্যা মামলায় ধামরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৫

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-07
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-sad-htza-mamlay-dhamrayer-sabek-upjela-ceyarmzansh-greptar-5](https://dailyfulki.com/article/asuliyay-sad-htza-mamlay-dhamrayer-sabek-upjela-ceyarmzansh-greptar-5)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3223.md](https://dailyfulki.com/news/3223.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আফিকুল ইসলাম সাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামী ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাদ্দেস হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অন্তত ৫ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 মঙ্গলবার (৭ অক্টোবর) ভোর রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম। এর আগে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে সাভারের নবীনগরের ডিওএইচএস আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ধামরাইয়ের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেস হোসেন (৫৮), ঢাকা জেলা পরিষদের সাবেক সদস্য ও ধামরাই পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সুজন (৪৫), ধামরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান (৪২), নবযুগ কলেজ ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম (৩০) ও ছাত্রলীগ নেতা আহাদ হোসেন (৩২)।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ধামরাইয়ের হার্ডিঞ্জ সরকারি স্কুল ও কলেজ গেটের সামনে নির্বিচারে গুলি বর্ষণ করে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ (১৮) মাথায় গুলিবিদ্ধ হন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনদিন পর ৮ আগস্ট সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত সাদের নানা আজিম উদ্দিন বাদী হয়ে গত ২১ আগস্ট ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৮২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আরও ৮০-৯০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। গ্রেপ্তাররা এই মামলার এজাহারভুক্ত আসামি। মামলার পর থেকে তারা পলাতক ছিলেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হবে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
