# নুরাল পাগলার দরবার থেকে লুট হওয়া খাটের মাচাসহ যুবক গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-07
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/nural-paglar-drbar-theke-lut-hwa-khater-macash-zubk-greptar](https://dailyfulki.com/article/nural-paglar-drbar-theke-lut-hwa-khater-macash-zubk-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3222.md](https://dailyfulki.com/news/3222.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

রাজবাড়ী সংবাদদাতা : রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবার থেকে লুট হওয়া কাঠের তৈরি খাটের তিনটি মাচাসহ রিপন রায় নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রিপন গোয়ালন্দ পৌরসভার ক্ষুদিরাম সরকারপাড়া মহল্লার মৃত দুর্গা রায়ের ছেলে।

সোমবার (৬ অক্টোবর) রাজবাড়ীর আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানাপুলিশ সূত্র জানায়, গত ২৩ আগস্ট নুরাল পাগলার মৃত্যু ও কবরস্থানের স্থাপনা নিয়ে বিরোধকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও পর্যালোচনা করে দেখা গেছে, রিপন রায় নুরাল পাগলার দরবার থেকে খাটের মাচা নিয়ে গেছে। সেই তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তার বাড়ি থেকে জঙ্গল দিয়ে ঢাকা মাচা উদ্ধার করা হয়।

পরে তাকে নুরাল পাগলার দরবারের ভক্ত রাসেলের বাবা আজাদ মোল্লার দায়ের করা মামলায় গুরুতর জখম, লুটপাট, অগ্নিসংযোগ, হত্যা, কবর থেকে লাশ উত্তোলন, পোড়ানো মামলায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিপন রায়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, দুটি মামলায় এ পর্যন্ত মোট ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ৫ সেপ্টেম্বর (শুক্রবার) বিক্ষুব্ধ জনতা নুরুল হক ওরফে নুরাল পাগলার বাড়ি ও দরবারে হামলা চালায়।

এ সময় রাসেল মোল্লা নামে নুরাল পাগলার এক ভক্ত তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেন। জনতার হামলায় গুরুতর আহত হন রাসেল মোল্লা। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

নুরাল পাগলের লাশ পোড়ানো, হত্যাকাণ্ড, হামলা, ভাঙচুর ও লুটের ঘটনায় রাসেলের বাবা আজাদ মোল্লা বাদী হয়ে ৩৫০০ থেকে ৪০০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করলো পুলিশ।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
