# মানিকগঞ্জে ৫ লাখ টাকা চুক্তিতে নিজ দোকানে ডাকাতির নাটক, মালিকসহ গ্রেপ্তার ৪

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-06
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/manikgnje-5-lakh-taka-cuktite-nij-dokane-dakatir-natk-maliksh-greptar-4](https://dailyfulki.com/article/manikgnje-5-lakh-taka-cuktite-nij-dokane-dakatir-natk-maliksh-greptar-4)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3205.md](https://dailyfulki.com/news/3205.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ শহরে নিজ দোকানেই লুটের নাটক সাজিয়ে শেষমেশ ফেঁসে গেলেন দোকান মালিক শুভ দাস (৩৫)। ৫ লাখ টাকা চুক্তিতে ভাড়া করা হয় তিন দুর্বৃত্তকে।

গত শনিবার রাতে শহরের স্বর্ণাকার পট্টিতে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার দিবাগত রাত দেড়টার দিকে শহরের পৌলী এলাকার শাইলীপাড়া থেকে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

সদর থানা পুলিশ জানিয়েছে, শহরের পশ্চিম দাশড়া এলাকার স্বর্ণকার পট্টির পান্ডব ভবনের নিচ তলায় অবস্থিত অভি অলংকারটি। শনিবার রাতে যে নাটকীয় স্বর্ণ লুটের ঘটনা ঘটে, সেটির মূল পরিকল্পনাকারী ছিলেন দোকানের মালিক শুভ দাস নিজেই। পাঁচ লাখ টাকার বিনিময়ে তিনজন দুর্বৃত্ত সোহান, আমানত ও শরীফকে ভাড়া করে তিনি পুরো নাটকটি সাজান। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার দিবাগত রাত দেড়টারদিকে শহরের পৌলী এলাকার শাইলীপাড়া থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

তদন্ত সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে অভি জুয়েলার্সের মালিক শুভ মোবাইলে তাদেরকে মেসেজ পাঠান। এরপরই ক্যাপ পরিহিত দুজন যুবক দোকানে ঢুকে ছিনতাইকারীর অভিনয় করেন। তারা ঢুকেই শুভোর গলায় চাকু ঠেকিয়ে লকার খুলে ২২ ভরি স্বর্ণালংকার (বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা) নিয়ে যায়। অভিনয়কে বাস্তব মনে করাতে শুভকে দুটি কোপ দিয়ে রক্তাক্ত করা হয়। যাতে সবাই বিশ্বাস করে এটি সত্যিকারের লুট। স্থানীয়রা আহত শুভকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘প্রাথমিক তদন্তেই প্রমাণ মেলে যে ঘটনাটি পুরোপুরি সাজানো। দোকান মালিক শুভ দাস নিজেই এই নাটকের মূল হোতা।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম আমান উল্লাহ বলেন, এই পরিকল্পনার পেছনে অর্থনৈতিক টানাপোড়েন নাকি অন্য কোনো গোপন উদ্দেশ্য রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে আরও কয়েকজনের জড়িত থাকার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
