# মানবতাবিরোধী অপরাধ: হানিফের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-06
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/manbtabirodhee-opradh-hanifer-biruddhe-ovizog-amle-nil-traibzunal](https://dailyfulki.com/article/manbtabirodhee-opradh-hanifer-biruddhe-ovizog-amle-nil-traibzunal)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3181.md](https://dailyfulki.com/news/3181.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সেই সঙ্গে আসামিদের গ্রেপ্তার করে আগামী ১৪ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেয়।

অন্য তিন আসামি হলেন- কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, দলটির জেলা সাধারণ সম্পাদক আজগর আলী এবং সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা।

এর আগে রোববার হানিফসহ চার আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।

হানিফের বিরুদ্ধে যেসব অভিযোগ আমলে নেওয়া হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে—আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যে সমর্থন জানানো। জুলাই আন্দোলনকারীদের জবাব দেওয়ার জন্য ‘ছাত্রলীগই যথেষ্ট’ বলে কাদের যে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সেখানে হানিফ নিজেও উপস্থিত ছিলেন।

আরেকটি অভিযোগ হচ্ছে, আন্দোলন চলাকালে ২৯ জুলাই কুষ্টিয়ায় আওয়ামী লীগের কার্যালয়ে বৈঠকের মাধ্যমে আন্দোলন দমনের ষড়যন্ত্র করেছিলেন হানিফ।

এছাড়া কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যার অভিযোগ আমলে নেওয়া হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
