# ভেঙে ফেলা হলো শাহবাগের ‘প্রজন্ম চত্বরের’ স্থাপনাটি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-13
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/venge-fela-hlo-sahbager-prjnm-ctwrer-sthapnati](https://dailyfulki.com/article/venge-fela-hlo-sahbager-prjnm-ctwrer-sthapnati)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/316.md](https://dailyfulki.com/news/316.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

রাজধানীর শাহবাগে ‘প্রজন্ম চত্বর’ নামে পরিচিত ইলেকট্রিক বিলবোর্ডের ত্রিকোণাকৃতির স্থাপনাটি ভেঙে ফেলা হয়েছে। শনিবার রাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) স্থাপনাটি ভেঙে ফেলে। এখানে নতুন একটি স্থাপনা হবে বলে সিটি করপোরেশন সূত্রে জানা গেছে।

শাহবাগে ত্রিকোণাকৃতির স্থাপনাটি ২০০৮ সালে নির্মিত হয়- এই তথ্য নিশ্চিত করে ডিএসসিসির উপ–রাজস্ব কর্মকর্তা শাহজাহান আলী বলেন, ‘করপোরেশনের অনেক জায়গায় বিজ্ঞাপনী সংস্থা অনুমতি নিয়ে বিলবোর্ডের স্থাপনা নির্মাণ করেছিল। ২০০৮ সালে সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন শাহবাগের বিলবোর্ড স্থাপনাটি নির্মাণ করেন। মাঝখানে এটি একবার সংস্কার করা হয়। এখান থেকে নিয়মিত সিটি করপোরেশনকে রাজস্ব দেওয়া হতো।’

তিনি বলেন, ‘সাবেক মেয়র সাঈদ খোকনের মেয়াদে ডিএসসিসি এলাকার সব বিলবোর্ড উচ্ছেদের সময় শাহবাগের এই স্থাপনাটিও উচ্ছেদ করা হয়। তখন নুরুন্নবী চৌধুরী শাওন ক্ষতিপূরণ দাবি করে আদালতে একটি মামলা করেন। মামলাটি এখনও চলছে।’ মামলা হওয়ার পর থেকে স্থাপনাটি পরিত্যক্ত অবস্থায় ছিল বলে জানান তিনি।

শনিবার রাতে এস্কাভাটর দিয়ে স্থাপনাটি ভেঙে ফেলা হয়। এসময় ডিএসসিসির অঞ্চল–১ এর নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

সাইফুল ইসলাম জয় বলেন, ‘স্থাপনাটির অফিসিয়াল কোনও নাম ছিল না। এখানে ত্রিকোণাকৃতির বিজ্ঞাপনী সংস্থার ইলেকট্রিক বিলবোর্ড ছিল। দীর্ঘদিন সেটি পরিত্যক্ত থাকায় ভেঙে ফেলা হয়েছে।’

এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, পূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে তিনি শুনেছেন সরকার দেশের ৬৪টি জেলায় যে ‘জুলাই মনুমেন্ট’ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল, এর মধ্যে ঢাকারটি শাহবাগের যে অংশে এই স্থাপনাটি নির্মিত হয়েছিল, সেখানে তৈরি করা হবে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
