# ঢাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় ১১০ ধারা প্রয়োগ করা হবে: ঢাকা জেলা প্রশাসক

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-05
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhakaz-santi-srrinkhla-rkshaz-110-dhara-przog-kra-hbe-dhaka-jela-prsask](https://dailyfulki.com/article/dhakaz-santi-srrinkhla-rkshaz-110-dhara-przog-kra-hbe-dhaka-jela-prsask)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3149.md](https://dailyfulki.com/news/3149.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ঢাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধে ফৌজদারি কার্যবিধির ১১০ ধারার প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ। 

রবিবার (৫ অক্টোবর) এক ক্ষুদ্রে বার্তায় সাংবাদিকদের এ কথা জানান তিনি।

কুখ্যাত ও অভ্যাসগত অপরাধীদের নিয়ন্ত্রণে আনতে এই বিধানটির কার্যকর প্রয়োগের ঘোষণা দিয়েছেন ঢাকার জেলা প্রশাসক। এ লক্ষ্যে, সমাজের জন্য হুমকিস্বরূপ এসব ব্যক্তিদের বিষয়ে তথ্য চেয়ে জনসাধারণের প্রতি বিশেষ অনুরোধও জানিয়েছেন তিনি।

ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ বলেন, ‘কুখ্যাত এবং অভ্যাসগত অপরাধীদের অপরাধ থেকে বিরত রাখার জন্য ফৌজদারি কার্যবিধির ১১০ ধারায় বিধান রয়েছে। কিন্তু এই বিধানটির প্রয়োগ সচরাচর কম দেখা যায়। ঢাকা জেলা প্রশাসন অপরাধ প্রতিরোধে প্রয়োজনে এই বিধানের কার্যকর প্রয়োগ করবে।’

জনগণের সক্রিয় অংশগ্রহণ চেয়ে তিনি বলেন, ‘আপনাদের কাছে যদি কোনও এলাকার কুখ্যাত এবং অভ্যাসগত অপরাধীদের বিষয়ে তথ্য থাকে, যাদের শান্তিরক্ষার মুচলেকায় আবদ্ধ করে রাখলে সমাজের শান্তি-শৃঙ্খলার জন্য তা সহায়ক হবে বলে মনে করেন, সেসব ব্যক্তির নাম, ঠিকানা এবং তাদের দ্বারা সংঘটিত বিভিন্ন অনিয়ম-অন্যায়ের তথ্যসহ আমাকে (জেলা প্রশাসক) অথবা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে জানানোর অনুরোধ রইলো।’

ঢাকা জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, অনেক সময় নির্দিষ্ট প্রমাণের অভাবে বড় অপরাধী বা এলাকার ত্রাস সৃষ্টিকারীরা আইনের ফাঁক গলে বেরিয়ে যায়। কিন্তু এলাকাবাসী তাদের অপকর্ম সম্পর্কে অবগত থাকে। ১১০ ধারার প্রয়োগের মাধ্যমে এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ বা অভ্যাসগত অপরাধীদের গতিবিধি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এটি অনেকটা প্রতিকারের চেয়ে প্রতিরোধের নীতিতে কাজ করবে।

প্রসঙ্গত, ফৌজদারি কার্যবিধির ১১০ ধারা একটি নিবর্তনমূলক বা প্রতিরোধমূলক আইন। এই ধারার মূল উদ্দেশ্য হলো, অভ্যাসগত অপরাধীদের কোনও নির্দিষ্ট অপরাধের জন্য শাস্তি না দিয়ে, বরং ভবিষ্যতে যেন তারা কোনও অপরাধ করতে না পারে সে জন্য তাদের কাছ থেকে ভালো আচরণের মুচলেকা নেওয়া। এই ধারার অধীনে অভ্যাসগত চোর, ডাকাত, দস্যু, অপহরণকারী, চাঁদাবাজ এবং সমাজে ত্রাস সৃষ্টিকারী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। ম্যাজিস্ট্রেট উপযুক্ত প্রমাণ সাপেক্ষে অভিযুক্ত ব্যক্তিকে এক বছরের জন্য শান্তিরক্ষার মুচলেকা প্রদানের আদেশ দিতে পারেন।

 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
