# বদলির দাবিতে কঠোর কর্মসূচিতে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-04
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/bdlir-dabite-kthor-krmsuucite-zacchen-empioovukt-sikshkra](https://dailyfulki.com/article/bdlir-dabite-kthor-krmsuucite-zacchen-empioovukt-sikshkra)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3110.md](https://dailyfulki.com/news/3110.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : বদলি কার্যক্রম দ্রুত শুরুর দাবিতে কঠোর কর্মূচিতে যাচ্ছেন দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

রোববার (৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করা হবে। ‘বাংলাদেশ ইউনিটি অব টিচার্স’-এর ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ ইউনিটি অব টিচার্সের মুখপাত্র এ এইচ বাবলু বলেন, বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা অনুযায়ী সেপ্টেম্বর মাস থেকে শূন্যপদের তথ্য সংগ্রহের কথা থাকলেও সেটি মানা হয়নি। এ অবস্থায় আমরা আগামীকালের (রোববার) সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারকে আলটিমেটাম দিতে চাই। বেঁধে দেওয়া সময়ের মধ্যে বদলির কার্যক্রম শুরু না করা হলে শিক্ষকরা কঠোর কর্মসূচিতে যাবে।

কী ধরনের কর্মসূচি আসতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সরকারকে একটি যৌক্তিক সময় দিতে চাই। তবে এর মধ্যেও যদি দাবি না মানা হয়, তাহলে অবস্থান কর্মসূচি থেকে শুরু করে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

জানা গেছে, এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা নিয়োগ পেলেও দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে থেকে যান, যা শিক্ষকতা পেশার বিকাশে অন্তরায় হয়ে দাঁড়ায়। এজন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে বদলির সুযোগ চালুর উদ্যোগ নেয় সরকার।

তবে সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এছাড়া এনটিআরসিএ’র সুপারিশপ্রাপ্ত ইনডেক্সধারী সব শিক্ষককে বদলির আওতায় নিয়ে আসতে আদালতে রিট হওয়ায় বদলি কার্যক্রম থমকে আছে।

 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
