# সাভারে নারীসহ ৪ অপহরণকারী আটক

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-04
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-nareesh-4-ophrnkaree-atk](https://dailyfulki.com/article/savare-nareesh-4-ophrnkaree-atk)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3104.md](https://dailyfulki.com/news/3104.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারে নারীসহ অপহরণকারী চক্রের ৪ সদস্যকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি লেগুনা গাড়ি জব্দ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রেমের ফাঁদে ফেলে আটক এক ভুক্তভোগীকে। শুক্রবার বিকেলে সাভার পৌরসভার জামশিং এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শনিবার (৪ অক্টোবর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির। 

আটক অপহরণকারী চক্রের সদস্যরা হলেন, রংপুর জেলার পীরগাছা থানার তালুকো গ্রামের মো. জয়নালের ছেলে শরিফুল (২৫), একই থানার ২ নম্বর সতাং গ্রামের মো. আব্দুল হাকিমের ছেলে মো. জয়নাল (২৫), ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানার দত্তপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে আনমনা (১৯), শেরপুর জেলার নকলা থানার নাইরোন খোলা বাজার এলাকার মো. বজলুর মিয়ার ছেলে মো. কাওসার হোসেন কনক (২০)। 

পুলিশ জানায়, বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার পরিবার পরিকল্পনার ইন্সপেক্টর মো. মেহেদী হাসানকে মোবাইলফোনের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে একটি অপহরণকারী চক্রের সক্রিয় সদস্যরা। পরে কৌশলে তাকে সাভার মডেল থানাধীন ঢাকা-আরিচা মহাসড়কের মিনি চিড়িয়াখানার সামনে ডেকে এনে অপহরণ করেন তারা।

পরবর্তীতে অপহরণকারী চক্রের সদস্যরা ভুক্তভোগীকে একটি গোপন স্থানে আটকে রেখে তার পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। 

এ ঘটনায় অপহরণ এবং মুক্তিপণের বিষয়টি ভুক্তভোগীর পরিবার ৯৯৯-এর মাধ্যমে সাভার মডেল থানা পুলিশকে জানালে সাভার মডেল থানা পুলিশ উদ্ধার অভিযান শুরু করেন। অভিযানকারী দলটি তথ্য-প্রযুক্তির সহায়তায় টানা ২০ ঘণ্টা অভিযান পরিচালনা করে শুক্রবার দুপুরে সাভার মডেল থানাধীন জামশিং এলাকা থেকে ভুক্তভোগী মেহেদী হাসানকে উদ্ধার করে। এ সময় ওই হানি ট্র্যাপের ঘটনায় এক নারী সদস্যসহ অপহরণকারী চক্রের ৪ সদস্যকে আটক করতে সক্ষম হন।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, আটককৃত অপহরণকারী চক্রের সদস্যরা সাভার পৌর এলাকার গেন্ডা ও রেডিও কলোনি মহল্লায় ভাড়া থেকে প্রেমের ফাঁদে ফেলে মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল। তাদের কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত একটি লেগুনা গাড়ি জব্দ করা হয়েছে।

এ ঘটনায় অপহরণকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হবে বলেও জানান তিনি।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
