# অক্টোবরে ঘূর্ণিঝড়, বন্যার আভাস

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-04
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/oktobre-ghuurnijhr-bnzar-avas](https://dailyfulki.com/article/oktobre-ghuurnijhr-bnzar-avas)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3084.md](https://dailyfulki.com/news/3084.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : চলতি অক্টোবরে দেশে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টির আভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, এর মধ্যে একটি রূপ নিতে পারে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে।

শনিবার আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

সেপ্টেম্বর মাসেও বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল, যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হয়।

আবহাওয়া অধিদপ্তর বলছে, অক্টোবরে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

তবে দুই থেকে চার দিন মাঝারি থেকে তীব্র বিজলিসহ বৃষ্টি এবং তিন থেকে পাঁচ দিন হালকা থেকে মাঝারি ধরনের বিজলিসহ বৃষ্টি হতে পারে।

এ মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে পারে বলেও আভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এরপর দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে; তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবর মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ থাকতে পারে; তবে ভারি বৃষ্টিপাতে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কিছু স্থানে স্বল্পমেয়াদি বন্যা হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গেল সেপ্টেম্বরে সারাদেশে স্বাভাবিক অপেক্ষা কম (-২০.৮%) বৃষ্টিপাত হয়েছে।

সেপ্টেম্বরে ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে স্বাভাবিক অপেক্ষা কম এবং সিলেট বিভাগে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাত হয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একদিনে সর্বোচ্চ ২০২ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ করা হয়েছিল।

এ মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস নথিবদ্ধ করা হয় ১ সেপ্টেম্বর, সিলেটে। সর্বনিম্ন ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও নথিবদ্ধ করা হয় সিলেটেই; ২৮ সেপ্টেম্বর।
 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
