# সমস্যা তৈরি করা আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতির অংশ: মির্জা ফখরুল

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-04
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/smsza-toiri-kra-awamee-leeger-rajnoitik-sngskrritir-ongs-mirja-fkhrul](https://dailyfulki.com/article/smsza-toiri-kra-awamee-leeger-rajnoitik-sngskrritir-ongs-mirja-fkhrul)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3072.md](https://dailyfulki.com/news/3072.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : নিউইয়র্কে বিমানবন্দরে আওয়ামী লীগ সমর্থকদের অপ্রীতিকর ঘটনার প্রসঙ্গে জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এটা কোনো বিষয় নয়। আমরা এটাকে বড় করে দেখি না। অতীতে বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটেছে। এমন সমস্যা তৈরি করা আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতির অংশ।”

তিনি আরও বলেন, ফেব্রুয়ারির নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ নিয়ে কোনো ধরনের শঙ্কা বা অনিশ্চয়তা নেই। শুক্রবার (৩ অক্টোবর) রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে আমাদের নেতা তারেক রহমান যেভাবে নির্দেশনা দিয়েছেন, আমরা সেভাবেই প্রস্তুতি নেব।” তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন রয়েছে।

জাতিসংঘের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সফর প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, সফরটি অত্যন্ত সফল হয়েছে। অধিবেশন ছাড়াও প্রবাসীদের সঙ্গে যে সভাগুলো হয়েছে, তা বাংলাদেশের জন্য ইতিবাচক ফল বয়ে এনেছে। তিনি বলেন, “সব মিলিয়ে গণতন্ত্রের জন্য এটি ভালো হয়েছে।”

এছাড়া বিএনপি নেতা উল্লেখ করেন, জাতীয় ঐক্য প্রদর্শনের জন্য প্রধান উপদেষ্টা এ সফরে কয়েকটি দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছেন, যা দেশের জন্য ইতিবাচক প্রভাব ফেলেছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
