# অনির্দিষ্টকালের অনশনে বসেছেন গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আরোহীরা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-04
- **বিভাগ (Category)**: বিশ্ব
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/onirdishtkaler-onshne-bsechen-global-sumud-flotilar-aroheera](https://dailyfulki.com/article/onirdishtkaler-onshne-bsechen-global-sumud-flotilar-aroheera)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3066.md](https://dailyfulki.com/news/3066.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ার পর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আরোহীরা অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন। গাজার অবরোধ ভাঙতে এই আয়োজন করা আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে শুক্রবার এ তথ্য জানানো হয়।

তারা জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়ে আটক নৌবহরের কয়েকজন কর্মী আটক হওয়ার মুহূর্ত থেকেই অনির্দিষ্টকালের অনশনে গেছেন।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি অংশ জানায়, তিউনিসিয়ার অংশগ্রহণকারীরা ইসরায়েলের হাতে আটক হওয়ার পর থেকে অনশন শুরু করেছেন। শুক্রবার ফেসবুকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, তিউনিসিয়ার অংশগ্রহণকারীরা দখলকৃত ফিলিস্তিনের আশদোদ বন্দরে পৌঁছার পর থেকেই অনির্দিষ্টকালের অনশন শুরু করেন। বৃহস্পতিবার সেখান থেকে তাদের নিয়ে যাওয়া হয়েছে নেগেভ মরুভূমির কেতসিওত কারাগারে, যেখানে তারা অবৈধ বিচারের অপেক্ষায় আছেন।

তিউনিসিয়ান অংশগ্রহণকারীদের পক্ষ থেকে আরও জানানো হয়, মুক্তি পাওয়া এবং তাদের বার্তা বিশ্বব্যাপী পৌঁছানোর আগ পর্যন্ত অনশন চলবে। বিবৃতিতে বলা হয়, বন্দি তিউনিসিয়ানদের এই অটল অবস্থান অবরুদ্ধ গাজার সংগ্রামেরই সম্প্রসারণ। তারা আরও বলেন, আমরা এক অদম্য জাতির ইচ্ছাশক্তি বয়ে বেড়াচ্ছি। অবৈধ বিচার বা উদ্দেশ্যমূলক অনাহার আমাদের সংকল্প ভাঙতে পারবে না।

বৃহস্পতিবার ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার ৪৪টি নৌযান দখল করে ৫০টিরও বেশি দেশের ৪৭০ জনের বেশি কর্মীকে আটক করে। নৌবহরের উদ্দেশ্য ছিল গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং ইসরায়েলি অবরোধ ভাঙা।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
