# ভোটকেন্দ্র স্থাপনে পার্বত্য তিন জেলায় পুলিশ-প্রশাসনের সহায়তা নেওয়ার নির্দেশ ইসির

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-02
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/votkendr-sthapne-parwtz-tin-jelay-pulis-prsasner-shayta-newar-nirdes-isir](https://dailyfulki.com/article/votkendr-sthapne-parwtz-tin-jelay-pulis-prsasner-shayta-newar-nirdes-isir)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3041.md](https://dailyfulki.com/news/3041.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপনে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় পুলিশ ও প্রশাসনের সহায়তা নেওয়ার জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ ইতোমধ্যে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে এই নির্দেশনাটি পাঠিয়েছেন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি বিবেচনায় সবসময় সতর্কতার সঙ্গে কাজ করতে হয়। কেননা, অতীতে এই অঞ্চলে ভোটগ্রহণ শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গোলা বর্ষণে নির্বাচন কর্মকর্তাসহ সাতজন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল। তাই স্থানীয় পুলিশ এবং প্রশাসনের সহায়তা নিয়ে কাজ করা হয়।

ইতোমধ্যে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। বর্তমানে দাবি-আপত্তি নিষ্পত্তির কাজ চলছে। দাবি-আপত্তি নিষ্পত্তির এই কাজ চলবে ১২ অক্টোবর পর্যন্ত। আর চূড়ান্ত ভোটকেন্দ্র প্রকাশ করা হবে আগামী ২০ অক্টোবর।

গত ১০ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘গড়ে তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র ধরে খসড়ায় মোট ৪২ হাজার ৬১৮টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। গত দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৫০টি।’

সচিব আরও বলেন, ‘এবার পুরুষদের জন্য প্রতি ৬০০ জন ধরে ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি পুরুষ ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। আর নারীদের জন্য প্রতি ৫০০ জন ধরে ১ লাখ ২৯ হাজার ১০৭টি কক্ষের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। আর খসড়ায় মোট ভোটকক্ষ দাঁড়াচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি। এদিকে গত সংসদ নির্বাচনে ভোটকক্ষ ছিল ২ লাখ ৬১ হাজার ৪৭২টি।’

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন ও ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার লক্ষ্যে সকল কাজ এগিয়ে নিচ্ছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
