# টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ, বাংলাদেশের সামনে আফগান চ্যালেঞ্জ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-02
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/ti-toyenti-sirij-suru-aj-bangladeser-samne-afgan-czalenj](https://dailyfulki.com/article/ti-toyenti-sirij-suru-aj-bangladeser-samne-afgan-czalenj)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3017.md](https://dailyfulki.com/news/3017.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

ফুলকি ডেস্ক : এশিয়া কাপ মিশন শেষ না হতেই আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশের আফগানিস্তান সিরিজ। সংযুক্ত আরব আমিরাতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। আজ টি-টোয়েন্টি সিরিজ দিয়ে দুদলের মধ্যকার দ্বিপক্ষীয় ক্রিকেট লড়াই শুরু হচ্ছে। শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তানের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে রাত ৯টায়। এশিয়া কাপে প্রত্যাশামতো খেলতে পারেনি বাংলাদেশ। ফাইনালের স্বপ্ন দেখিয়ে সুপার ফোর পর্ব থেকেই বিদায় নেন তারা। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে লো-স্কোরিং ম্যাচ জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত হারের হতাশায় পুড়ল দল। এশিয়া কাপের ব্যর্থতা পেছনে ফেলে এবার আফগানিস্তান সিরিজে মনোযোগ জাকের আলী অনিকদের। প্রথম ম্যাচে আফগানদের হারিয়ে সিরিজে সূচনা করার লক্ষ্য থাকবে তাদের।

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বিশ্বকাপে চোখ রেখেই আফগানদের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। সর্বশেষ এশিয়া কাপে আফগানদের হারানোর তরতাজা স্মৃতি নিয়ে আজ মাঠে নামবে লাল-সবুজ জার্সিধারীরা। অবশ্য টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে জয়ের রেকর্ডে এখনো এগিয়ে আফগানিস্তান। দুদল এ পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছে। এর মধ্যে বাংলাদেশ ছয়টি ম্যাচে জিতেছে। আর আফগানদের জয়ের সংখ্যা সাত।

 

ইনজুরির কারণে আফগানদের বিপক্ষে সিরিজে নেই নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার পরিবর্তে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জাকের আলী। লিটনের জায়গায় দলে নেওয়া হয়েছে সৌম্য সরকারকে। আফগানিস্তানের বিপক্ষে লড়াইয়ে নামার আগে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এশিয়া কাপে ব্যর্থতার জন্য সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে জাকের আলী বলেন, ‘আমরা এসেছিলাম এশিয়া কাপে ভালো ক্রিকেট খেলার জন্য; কিন্তু সেটি হয়নি। এ ব্যাপারটি সত্যিই হতাশার। এখন সামনে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ আছে। এ সিরিজ খেলার জন্য আমরা মানসিকভাবে ভালো অবস্থায় আছি।’

জাকেরের আশা, ব্যাটসম্যানরা ভালো করতে পারলে আফগান সিরিজে দল ভালো কিছু করে দেখাবে। এশিয়া কাপে সাইফ হাসান দারুণ ব্যাটিং করেছেন। তার দিকে নজর থাকবে সবার। জাকের বলেন, ‘আমরা চাইব এ সিরিজেও সে একইরকম রান করবে। অন্য ব্যাটসম্যানরাও যেন ভালো করতে পারে, তাহলে সিরিজটি আমাদের জন্য খুব ভালো হবে।’ জাকের সামনে দলকে নেতৃত্ব দেওয়ার চ্যালেঞ্জ থাকছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
