# গাজায় প্রতিদিন ১০০ ফিলিস্তিনিকে হত্যা করছে ইসরায়েল

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-02
- **বিভাগ (Category)**: বিশ্ব
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/gajay-prtidin-100-filistinike-htza-krche-israyel](https://dailyfulki.com/article/gajay-prtidin-100-filistinike-htza-krche-israyel)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3012.md](https://dailyfulki.com/news/3012.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

ফুলকি ডেস্ক : ইসরায়েলি সেনারা গাজা উপত্যকায় প্রতিদিন গড়ে ১০০ ফিলিস্তিনিকে হত্যা করছে। এ ছাড়া অনেকে অনাহার ও চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন বলে বুধবার জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ)। আনাদোলু সংবাদ সংস্থার খবরে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে ইউএনআরডব্লিউএ কমিশনার ফিলিপ লাজারিনি বলেন, গাজায় ইসরায়েলি সামরিক অভিযান অথবা ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’-এর খাদ্য বিতরণ কেন্দ্রে গুলি চালানো হচ্ছে।

এসব কারণে গড়ে প্রতিদিন ১০০ জনকে হত্যা করা হচ্ছে। পাশাপাশি, অনেকে অনাহার বা চিকিৎসা না পাওয়ার কারণে মৃত্যুবরণ করছেন।
অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ৬৬ হাজার ১০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু। লাগাতার বোমাবর্ষণে পুরো অঞ্চলটি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এবং দুর্ভিক্ষ দেখা দিয়েছে।

এ বছরের ২৭ মে ইসরায়েল, জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্র-সমর্থিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ) নামে পৃথক একটি ত্রাণ বিতরণ ব্যবস্থা চালু করে। এর পর থেকে খাদ্য সংগ্রহের সময় বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় প্রায় ২ হাজার ৬০০ মানুষ নিহত এবং আরো ১৯ হাজার আহত হয়েছেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
