# সাবেক এমপি নুর উদ্দিন চৌধুরীর বাড়িতে আবারও অগ্নিসংযোগ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-01
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/sabek-empi-nur-uddin-coudhureer-barite-abaroo-ognisngzog](https://dailyfulki.com/article/sabek-empi-nur-uddin-coudhureer-barite-abaroo-ognisngzog)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3003.md](https://dailyfulki.com/news/3003.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের বাসায় আবার অগ্নিসংযোগ করেছে একদল লোক। বুধবার বিকালে শহরের উত্তর তেহমনী এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন পাঁচতলা ওই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তখন থেকে বাড়িটি পরিত্যক্ত ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকালে একদল লোক উত্তর তেহমনী এলাকায় জড়ো হয়। সেখান থেকে তারা সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরীর বাড়িতে যায়। পরে বাড়ির নিচতলায় আগুন দেয় তারা।

এ নিয়ে দ্বিতীয় দফায় বাড়িটিতে অগ্নিসংযোগ করা হলো। স্থানীয় একটি সূত্র জানায়, নুর উদ্দিন চৌধুরী নয়ন বর্তমানে ভারতে আছেন। তার পরিবারের কেউ বাড়িটিতে থাকেন না।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, ‘সাবেক সংসদ সদস্যের বাড়িটি গত বছরের ৪ আগস্ট পোড়ানো হয়েছিল। তাতে বাড়ির অবকাঠামো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। আজ আবার সেখানে আগুন ধরানো হয়েছে।’

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
